৪ ট্রিলিয়নের ঘরে অ্যালফাবেট

৪ ট্রিলিয়নের ঘরে অ্যালফাবেট
১৩ জানুয়ারি, ২০২৬ ১০:২৭  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে নতুন করে মনোযোগ জোরদার করার ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেয়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছেছে। সোমবার সংক্ষিপ্ত সময়ের জন্য এই মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি, যা বৈশ্বিক প্রযুক্তি খাতে এআই প্রতিযোগিতায় অ্যালফাবেটকে আবারও শীর্ষ সারিতে নিয়ে এসেছে। খবর রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যালফাবেট জানিয়েছে, অ্যাপলের পরবর্তী প্রজন্মের এআই মডেলগুলো বহু বছরের চুক্তির আওতায় গুগলের জেমিনি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে। এই ঘোষণার পর প্রতিষ্ঠানটির ক্লাস-এ শেয়ারের দাম সর্বোচ্চ ১ দশমিক ৭ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

এর আগে জানা যায়, স্যামসাং ইলেকট্রনিকস চলতি বছরে জেমিনি-চালিত এআই সুবিধাসম্পন্ন স্মার্টফোনের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। এসব অগ্রগতির ধারাবাহিকতায় অ্যালফাবেট ২০১৯ সালের পর প্রথমবার অ্যাপলকে ছাড়িয়ে বাজারমূল্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কোম্পানিতে পরিণত হয়েছে।

২০২৫ সালে আলফাবেটের শেয়ারদর প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। বিশেষ করে গুগল ক্লাউডের আয় তৃতীয় প্রান্তিকে ৩৪ শতাংশ বৃদ্ধি এবং ১৫৫ বিলিয়ন ডলারের চুক্তি ব্যাকলগ বিনিয়োগকারীদের আস্থাকে আরও শক্তিশালী করেছে।

ডিবিটেক/বিএমটি