ইনস্টাগ্রামের ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস
ইনস্টাগ্রামের বড় ধরনের এক ডেটা ফাঁসে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রকাশ পেয়েছে বলে অভিযোগ উঠেছে। অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটসের তথ্য অনুযায়ী, এই ফাঁস হওয়া ডেটার মধ্যে রয়েছে ব্যবহারকারীর ইউজারনেম, ই–মেইল ঠিকানা, মোবাইল নম্বর, এমনকি কিছু ক্ষেত্রে বাসার ঠিকানাও। খবর এনগ্যাজেট।
ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য তোলা হয়েছে, যা সাইবার অপরাধীরা ফিশিং, পরিচয় চুরি কিংবা অ্যাকাউন্ট দখলের মতো অপরাধে ব্যবহার করতে পারে। প্রতিষ্ঠানটি নিয়মিত ডার্ক ওয়েব নজরদারির সময় এই তথ্যভাণ্ডারের সন্ধান পায় এবং ধারণা করছে, ২০২৪ সালে ইনস্টাগ্রামের একটি এপিআই–সংক্রান্ত দুর্বলতার সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে।
সাম্প্রতিক সময়ে অনেক ব্যবহারকারী ইনস্টাগ্রাম থেকে একাধিক পাসওয়ার্ড রিসেট অনুরোধ–সংক্রান্ত ই–মেইল পাওয়ার বিষয়টি লক্ষ্য করেছেন, যা এই ডেটা ফাঁসের ইঙ্গিত দিচ্ছে। এখনো পর্যন্ত ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের দুই ধাপ যাচাইকরণ চালু করা, পাসওয়ার্ড পরিবর্তন করা এবং অ্যাকাউন্টে কোন কোন ডিভাইস লগইন আছে তা নিয়মিত পর্যালোচনার পরামর্শ দিচ্ছেন।
ডিবিটেক/বিএমটি







