বিদেশ সফর এড়াতে কর্মীদের সতর্ক করলো গুগল ও অ্যাপল

বিদেশ সফর এড়াতে কর্মীদের সতর্ক করলো গুগল ও অ্যাপল
২১ ডিসেম্বর, ২০২৫ ২১:৩০  

ভিসা প্রক্রিয়াকরণের অস্বাভাবিক দীর্ঘসূত্রতার কারণে যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশে ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কায় গুগল ও অ্যাপল তাদের ভিসাধারী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়াতে সতর্ক করেছে। খবর টেকক্রাঞ্চ।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, গুগলের পক্ষে বাল ইমিগ্রেশন ল’ এবং অ্যাপলের পক্ষে ফ্রাগোমেন পাঠানো অভ্যন্তরীণ স্মারকে এই পরামর্শ দেওয়া হয়েছে। ফ্রাগোমেনের স্মারকে বলা হয়েছে, বৈধ এইচ–ওয়ানবি ভিসা স্ট্যাম্প না থাকলে আপাতত যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়াই নিরাপদ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, দূতাবাসগুলো এখন প্রতিটি ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। 

এদিকে স্যালনের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর মাসে ভিসা নবায়নের জন্য ভারতে যাওয়া শতাধিক ভারতীয় পেশাজীবীর দূতাবাসের সাক্ষাৎকার বাতিল বা পুনঃতালিকাভুক্ত করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের নতুন শর্তের কারণে।

গুগল ও অ্যাপল বিষয়টি নিয়ে মন্তব্য করেনি। 

উল্লেখ্য, সেপ্টেম্বরেও হোয়াইট হাউস এইচ–ওয়ানবি আবেদনে এক লাখ ডলার ফি আরোপের ঘোষণা দিলে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মীদের একই ধরনের সতর্কতা দিয়েছিল। নতুন নীতিমালার প্রভাবে নিয়োগ, প্রকল্প ও গবেষণা কার্যক্রমে সময়সূচি ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ পেয়েছে সংশ্লিষ্ট মহলে, বিশ্লেষকদের মতে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও কয়েক মাস।

ডিবিটেক/বিএমটি