‘আলু সরবরাহের চেইন শক্তিশালীকরণে প্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ’

‘আলু সরবরাহের চেইন শক্তিশালীকরণে প্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ’
১৩ ডিসেম্বর, ২০২৫ ২১:২৪  

দেশের আলু ব্যবসায় উৎপাদন থেকে বিপননের প্রতিটি ধাপকে আরও শক্তিশালী করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে কৌশলগত অগ্রাধিকার, প্রযুক্তিগত সমাধান ও কার্যকর নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

১৩ ডিসেম্বর, শনিবার ‘আলু উৎসব ২০২৫’-এ অনুষ্ঠিত একটি সেমিনারে এমন মতামত উঠে আসে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (আইসিসিবি) বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) প্রথম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই আলু উৎসব। 

মেলায় আলু থেকে তৈরি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করা হচ্ছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) স্টলে। সেখানে থাকা প্রতিষ্ঠানটির কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম তানজিমুল ইসলাম জানালেন, মূলত আটার পরিবর্তে আলুর ফ্লেক্স ব্যবহার করা হয়। ফলে আটা দিয়ে যেসব পণ্য তৈরি করা যায়, সেগুলো আলু দিয়েও বানানো যায়।

এছাড়াও বারির কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম তানজিমুল ইসলাম জানান, দেশে বর্তমানে সব মিলিয়ে প্রায় ২০০ প্রজাতির আলু রয়েছে। এর মধ্যে বারি উদ্ভাবিত জাত ১০৬টি। বাকিগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবিত।

 বিকেলে আলু রপ্তানির সম্ভাবনা বিষয়ে মেলা প্রাঙ্গণে ‘বাংলাদেশের আলু ভ্যালু চেইন শক্তিশালীকরণ: বৈশ্বিক প্রতিযোগিতার জন্য কৌশলগত অগ্রাধিকার, প্রযুক্তিগত সমাধান ও নীতিগত পথনির্দেশনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আব্দুর রহিম, কৃষি অর্থনীতিবিদ ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি)-এর সাবেক উপাচার্য ড. জাহাঙ্গীর আলম এবং গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) চিফ সায়েন্টিফিক অফিসার ড. খুরশীদ আলম।

আলোচনায় বক্তারা বলেন, উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনা উন্নয়ন, আধুনিক কোল্ড-চেইন অবকাঠামো গড়ে তোলা, আলু প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণ, রফতানিযোগ্য মান নিশ্চিতকরণ এবং সমন্বিত নীতিগত সহায়তা জোরদার করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আলুভিত্তিক পণ্যে শক্ত অবস্থান অর্জন করতে পারবে।

সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের পরিচালক রাজীব এইচ চৌধুরী।

ডিবিটেক/ডিএম/ইকে

আলুর ভ্যালু চেইন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আলু চাষের শুরু থেকে বীজ উৎপাদন, ফসল ফলানো, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ (যেমন চিপস, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি), সংরক্ষণ (কোল্ড স্টোরেজ), পরিবহন, বাজারজাতকরণ এবং অবশেষে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপের মাধ্যমে আলুর মূল্য বৃদ্ধি করা হয়।