নতুন মোবাইল ফোন ও ‘ফ্রি ফায়ার’ গেমের আইডি কিনতে নিজ বাড়িতেই ডাকাতি!
নতুন মোবাইল ফোন ও ‘ফ্রি ফায়ার’ গেমের আইডি কিনতে নিজ বাড়িতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ডাকাতির নাটক সাজিয়েছিলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনের এক প্রবাসীর কিশোর ছেলে।
ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করতে গিয়ে এমন তথ্য প্রকাশ্যে আনলো স্থানীয় পুলিশ। ঘটনার বিররণ দিয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তিন কিশোর স্বীকার করেছে যে নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্য তারা পরিকল্পিতভাবে দিনদুপুরে এই ডাকাতির নাটক সাজায়।
৫ ডিসেম্বর, শুক্রবার রাতে ওই তিন কিশোরকে গ্রেফতার করে উদ্ধার করা হয়ে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের একটি অংশ।
এর আগে গত ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে শাহরিয়ারকে বেঁধে রেখে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা করেন।
শুক্রবার রাতে শাহরিয়ারের বন্ধু শাহ আলম নতুন মোবাইল ফোন কিনলে তার পরিবার টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা শাহরিয়ার, নবম শ্রেণির শিক্ষার্থী নাবিল এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ আলমকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা তিনজনই ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ লাখ ৭৮ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
ডিবিটেক/বিপি/এমইউএম







