বিশ্বব্যাপী ইউটিউবের নিজস্ব সালতামামি চালু
স্পটিফাইয়ের ‘র্যাপড’ কিংবা অ্যাপল মিউজিকের ‘রিপ্লে’-এর মতো সালতামামি ফিচার নিয়ে এলো ইউটিউব। গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম ঘোষণা করেছে- ইউটিউব রিক্যাপ এখন উত্তর আমেরিকায় রোলআউট শুরু হয়েছে এবং চলতি সপ্তাহের শেষ নাগাদ বিশ্বব্যাপী ব্যবহারকারীরা এটি পেয়ে যাবেন। খবর জিএসএম এরিনা।
রিক্যাপ পাওয়ার পর এটি দেখা যাবে ইউটিউব হোমপেজে অথবা “ইউ” ট্যাবে। ইউটিউবের ভাষ্য অনুযায়ী, রিক্যাপ ব্যবহারকারীর ২০২৫ সালের ওয়াচ হিস্ট্রির ওপর ভিত্তি করে তৈরি হবে, যা আপনার আগ্রহ, পছন্দের বিষয়, গভীরভাবে দেখা কনটেন্ট এবং বিশেষ মুহূর্তগুলোর একটি ব্যক্তিগত সারাংশ তুলে ধরবে।
এই রিক্যাপে সর্বোচ্চ ১২টি কার্ড দেখানো হবে। সেখানে থাকবে—আপনার সবচেয়ে বেশি দেখা চ্যানেল, প্রিয় বিষয়বস্তু, বছরের মধ্যে দেখা কনটেন্টের প্যাটার্ন কীভাবে বদলেছে, এমনকি আপনি কোন “পার্সোনালিটি টাইপ”-এ পড়েন, তার একটি মজার বিশ্লেষণও।
যারা ইউটিউবে অনেক গান শোনেন, তাদের জন্য থাকবে বাড়তি ফিচার- শীর্ষ শিল্পী ও গান, সবচেয়ে বেশি শোনা ঘরানা, পডকাস্ট, এমনকি ইউটিউব মিউজিক অ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক সংগীত শোনার অভ্যাস- সবকিছুর সারাংশ এক জায়গায়।
ইউটিউবের এই রিক্যাপ ফিচার মূলত ব্যবহারকারীদের ‘বছরজুড়ে ইউটিউবে কাটানো সময়ের ব্যক্তিগত ডায়েরি’ হিসেবেই কাজ করবে।
ডিবিটেক/বিএমটি







