ছোটদের বিশ্বমঞ্চে বাংলাদেশ

ছোটদের বিশ্বমঞ্চে বাংলাদেশ
২৫ নভেম্বর, ২০২৫ ১৩:১২  

রাশিয়ার সমুদ্রতীরবর্তী শহর সোচিতে অবস্থান করছে দশ সদস্যের বাংলাদেশ দল। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এ শহরে তারা অংশ নিয়েছে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025)-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে। বাংলাদেশ ছাড়াও এবারের আয়োজনে বিশ্বের ২৪টি দেশ অংশগ্রহণ করছে। বিশ্বব্যপী অনুর্ধ ১৬ বছর বয়সীদের জন্য বিজ্ঞানের সবচেয়ে মর্যাদাপূর্ন এই প্রতিযোগিতায় ৬ জন শিক্ষার্থী, ৩ জন দলনেতা এবং ১ জন অবজার্ভার দেশের প্রতিনিধিত্ব করছে।

রাশিয়ার রাশিয়ান ফেডারেশনের শিক্ষা মন্ত্রী সের্গেই ক্রাভতসোভ এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের  সভাপতি ড. এমিয়েল ডি ক্লাইন এর শুভেচ্ছা বক্তব্য দিয়ে কিশোরদের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন Sirius Federal Territory-এর কাউন্সিল চেয়ারম্যান এবং Talent and Success Educational Foundation-এর প্রধান এলেনা স্মেলেভা।

দীর্ঘ ছয়মাসের প্রস্তুতি ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের এই দল নির্বাচন করা হয়। দেশের শিক্ষার্থীরা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO)-এর স্কুল, আঞ্চলিক এবং জাতীয় স্তরের প্রতিযোগিতা শেষে একাধিক রেসিডেনশিয়াল প্রশিক্ষণ ক্যাম্প ও পরীক্ষার মাধ্যমে দেশের সেরা ৬ জন শিক্ষার্থীর একজন হবার সুযোগ পায়। এই পুরো কর্মযজ্ঞ বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি গত এক যুগ ধরে সাফল্যের সাথে পালন করে চলেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দলনেতারা জানিয়েছেন, আমাদের শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী এবং দেশের লাল-সবুজ পতাকা আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার সাথে তুলে ধরার জন্য তারা প্রস্তুত। আগামীকাল ব্যাবহারিক (Practical) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষামূলক পর্ব, একদিন বিরতি দিয়ে হবে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান তাত্ত্বিক পরীক্ষা। সবশেষে প্রতিযোগিতার শেষ দিনে ঘোষণা করা হবে এবারের ফলাফল।

ডিবিআই/আরআই/আরএ/