এআইনির্ভর ফোল্ড-আউট ক্যামেরার ফোন আনছে অনার
চীনা প্রযুক্তি ব্র্যান্ড অনার তাদের নতুন স্মার্টফোনে আনছে এক ব্যতিক্রমী উদ্ভাবন—ফোল্ড-আউট বা ভাঁজযোগ্য ক্যামেরা। প্রচলিত ফোনের মতো পেছনে বা সামনের প্যানেলে না রেখে, অনারের নতুন ফোনে ক্যামেরাটি থাকবে একটি যান্ত্রিক বাহুতে, যা প্রয়োজনমতো বাইরে বেরিয়ে আসবে। খবর এনগ্যাজেট।
সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, এই অদ্ভুত ডিজাইন মূলত অনারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি করা হচ্ছে। আগামী পাঁচ বছরে সংস্থাটি ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এআই উন্নয়নে, আর এই ফোনটি সেই বিনিয়োগেরই একটি বাস্তব প্রয়োগ হবে।
অনার এখনো ফোনটির নাম বা স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে আগামী বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এর পূর্ণাঙ্গ উন্মোচন হবে।
এর আগে অনার বাজারে এনেছিল অতিস্লিম ফোল্ডেবল ফোন ও বিচ্ছিন্ন ওয়েবক্যামযুক্ত ল্যাপটপ। বিশ্লেষকদের মতে, ক্যামেরার এমন ভাঁজযোগ্য নকশা নতুন ছবি ও ভিডিও ধারণের অভিজ্ঞতা দিতে পারে, তবে এতে যান্ত্রিক ত্রুটি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার ঝুঁকিও রয়েছে।
ডিবিটেক/বিএমটি



