রেকর্ড সর্বোচ্চ দামে পৌঁছেছে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ার

রেকর্ড সর্বোচ্চ দামে পৌঁছেছে স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ার
১৬ অক্টোবর, ২০২৫ ১৫:২৬  

দক্ষিণ কোরিয়ার শীর্ষ চিপ নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম বৃহস্পতিবার নতুন উচ্চতায় পৌঁছেছে। সেমিকন্ডাক্টর খাত নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদের ফলে কোম্পানির শেয়ারমূল্য বেড়ে যায় সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত। খবর রয়টার্স।

সিউল স্টক এক্সচেঞ্জে স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে স্যামসাংয়ের প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছিল ৯৫,৯০০ ওন (প্রায় ৬৭.৫২ ডলার) দামে, যা এর আগে এক পর্যায়ে ৯৬,৯০০ ওন ছুঁয়েছিল—২০২১ সালের ১১ জানুয়ারির পুরোনো রেকর্ড ৯৬,৮০০ ওন ছাড়িয়ে।

বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি চলতি বছর এখন পর্যন্ত ৮০ শতাংশ শেয়ারমূল্য বৃদ্ধির সাফল্য দেখিয়েছে। 

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত চিপ উৎপাদনে স্যামসাংয়ের আগ্রাসী বিনিয়োগই বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে, যা কোম্পানিটিকে নতুন রেকর্ডে পৌঁছে দিয়েছে।

ডিবিটেক/বিএমটি