কারিগরিতে জিপিএ ৫ প্রাপ্তদের ৭৩ শতাংশ মেয়ে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
এর মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন। এর মধ্যে ছাত্রদের চেয়ে এগিয়ে আছে ছাত্রীরা।
পরীক্ষায় অংশ নেয়া এক লাখ পাঁচ হাজার ৬১০ জনের মধ্যে উত্তীর্ণ ৬৬ হাজার ১৮৫ জনের মধ্যে জিপিএ ৫ প্রাপ্তের মধ্যে ৭৪ দশকি ৩০ শতাংশই ছাত্রী।
১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে প্রকাশিত ফল থেকে এ তথ্য মিলেছে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।
ফল অনুযায়ী, উচ্চমাধ্যমিকের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এক হাজার ৮৩৫টি প্রতিষ্ঠানের ৭৩৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।







