কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জনের মরদেহ উদ্ধার

কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জনের মরদেহ উদ্ধার
১৪ অক্টোবর, ২০২৫ ১৬:৪৪  

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে ৯ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও ৮ জন। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

১৪ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৪টায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। 

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, “এ সংখ্যা আরও বাড়তে পারে।” অপরদিকে এ ঘটনায় দগ্ধ হয়ে তিনজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে  সকাল ১১টা ৪০ মিনিটে শিয়ালবাড়ীর কসমিক ফার্মা ও সরদার গার্মেন্টসে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও। দুপুর পৌনে ১২টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে প্রতিষ্ঠানের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়। মোট ১১টি ইউনিট অগ্নি নিয়ন্ত্রণে তৎপর।

বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কেমিকেল গুদাম হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এরপরে তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।