দেশের বাজারে গিগাবাইটের লাখ টাকার এআই ল্যাপটপ
বাংলাদেশের কম্পিউটার বাজারে ১৪ অক্টোবর, মঙ্গলবার থেকে যুক্ত হয়েছে বৈশ্বিক কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট এর ২০২৫ সালের এআই ল্যাপটপ লাইনআপের অ্যারো এক্স১৬ এবং গেমিং এ১৬ মডেলের দুটি ল্যাপটপ। নতুন এই ল্যাপটপ দুটি গেমার, হাইব্রিড ব্যবহারকারী এবং ক্রিয়েটরদের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান।
ল্যাপটপদুটির উভয় মডেলেই রয়েছে সর্বোচ্চ ১৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। দ্রুত চার্জের জন্য পিডি ৩.০ ফাস্ট চার্জিং এবং উচ্চমানের সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট রয়েছে। অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে এক্স১৬ এক লাখ ৯০ হাজার টাকায় এবং এ১৬ এক লাখ ৪৩ হাজার থেকে ১ লাখ ৯৮ হাজার টাকায় বিক্রি করছে গিগাবাইট বাংলাদেশ।
নতুন ল্যাপটপ দুটিতে রয়েছে ডিএলএসএস ৪ প্রযুক্তি সমর্থিত এনভিডিয়া (আর) জিফোর্স আরটিএক্স (টিএম) ৫০ জিপিইউ ও গোল্ডেন কার্ভেচার কীবোর্ড। এর মধ্যে অ্যারো এক্স১৬ মডেল সর্বোচ্চ ৮৫ ওয়াট গ্রাফিক্স পাওয়ার সাপোর্ট করে, আর গেমিং এ১৬ সর্বোচ্চ ৮০ ওয়াট পর্যন্ত সাপোর্ট দেয়। এছাড়া উভয় ল্যাপটপে রয়েছে গিগাবাইটের একচেটিয়া জিমেট এআইএজেন্ট, যা ব্যবহারকারীদের ‘Press & Speak’ ভয়েস কন্ট্রোল, স্মার্ট টিউনিং ও প্রাইভেসি ফিচারের সুবিধা দেবে। এনভিডিয়া এনআইএম (NVIDIA NIM) ভিত্তিক এআই-রেডি প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত এআই এজেন্ট তৈরি ও ওয়ার্কফ্লো আরও সহজ করা যাবে।







