ট্রিপল-প্লে, কোয়াড-প্লে আনছে বিটিসিএল

ট্রিপল-প্লে, কোয়াড-প্লে আনছে বিটিসিএল
২৭ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৫৯  

বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় আলোড়ন তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

আসছে অক্টোবরে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিউনিকেশনে যাবে বলে ২৭ সেপ্টেম্বর, শনিবার রাতে নিশ্চিত করেছেন বিশেষ সহকারী।  

এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আমরা চাই মানুষের যোগাযোগে এবং বিনোদনে লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্টসহ, ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন মুছে যাক। 


তিনি জানান, বিটিসিএল এমভিএনও ও মোবাইল সিম এবং বিটিসিএল আলাপ আইফোন অ্যাপ বেজড ভয়েস কলিং- এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল। বিটিসিএল জীপন, বিটিসিএল আইএসপি সংযোগের মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা।

বিটিসিএল কোয়াড প্লে-তে থাকছে ডিভাইস, ভয়েস,ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস। এই সেবার মাধ্যমে ওটিটিগুলোর পাইরেসি মোকাবেলায় লিমিটেড কন্টেন্টে ওটিটি প্লাটফর্ম ঐচ্ছিক ভাবে যুক্ত করার শুরুতে বঙ্গ/চরকি/হইচই এর মাধ্যমে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট দিতে যাচ্ছে বিটিসিএল। এই এন্টারটেইনমেন্টের পরবর্তীতে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম যুক্ত করা হতে পারে।  

একইভাবে চলমান এক্সেস টু ডিভাইস সমস্যা সমাধানে মাত্র ৫০০ টাকা কিস্তিতে মাত্র এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট দেওয়া হবে বলে জানান ফয়েজ। এতে শুরুতে থাকবে সামান্য কিছু ডেপোজিট।