বাংলাদেশে আরও একটি বিদেশী ওটিটি আসছে ১৫ অক্টোবর
বাংলাদেশসহ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশে স্ট্রিমিং সেবা চালুর ঘোষণা দিয়েছে টেকটেইনমেন্ট জায়ান্ট এইচবিও ম্যাক্স। ঘোষণা অনুযায়ী, বিদেশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম (ওটিটি নামেও পরিচিত) অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স এর পর আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে যাত্রা শুরু হতে যাচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের বহুল আলোচিত স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। ফলে ওই দিন থেকেই বাংলাদেশের গ্রাহকরা এইচবিও অরিজিনাল, ম্যাক্স অরিজিনাল ও ওয়ার্নার ব্রাদার্স হিটস ক্যাটেগরির কনটেন্টগুলো দেখতে পাবেন। এজন্য প্রথম সারির স্ট্রিমিং সেবার মতো এইচবিও ম্যাক্সেও থাকছে মোবাইল, টিভি ও অন্যান্য ডিভাইসের জন্য বিশেষায়িত অ্যাপ।
এই অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ বৈধভাবে নিজ ঘরের আরামদায়ক পরিবেশেই গেম অব থ্রোনস, হ্যারি পটার ও লাস্ট অব আস-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমা উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শক। পাশাপাশি একই সেবার আওতায় ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি ও এইচজিটিভির কন্টেন্টও দেখতে পারবেন।
এছাড়াও ২৭ অক্টোবর থেকে চালু হতে যাওয়া নতুন সিরিজ ইট: "ওয়েলকাম টু ডেরি" গ্রাহকদের আগ্রহের কেন্দ্রে থাকতে পারে। স্টিফেন কিং-এর ভৌতিক গল্প 'ইট'-কে ঘিরে ইতোমধ্যে দুইটি জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে।
এবার সেই গল্প ও কেন্দ্রীয় চরিত্র হত্যাকারী ক্লাউন 'পেনিওয়াইস'কে ঘিরে নতুন সিরিজটি তৈরি হয়েছে। প্রিকুয়েল ধাঁচের ওই সিরিজে পেনিওয়াইসকে ৬০ এর দশকে দেখতে পাবেন দর্শকরা।
এ ছাড়াও এইচবিও ম্যাক্সে লাস্ট অব আস, হাউস অব দ্য ড্রাগন ও দ্য পেঙ্গুইনের মতো সিরিজ দেখা যাবে। পাশাপাশি, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যাবে অ্যাডভেঞ্চার টাইম, উই বেয়ার বিয়ার্স, টম অ্যান্ড জেরি ও লুনি টিউনসের মতো শোগুলো। দ্য পেপার ও মবল্যান্ডের মতো অরিজিনাল সিরিজ ও গোল্ড রাশ, ডেডলিয়েস্ট ক্যাচ ও ৯০ ডে ফিয়াসেঁ'র মতো তথ্যচিত্র থাকবে এতে।
তবে এসব উপভোগ করতে আগামী কয়েক সপ্তাহে পেমেন্ট অপশনসহ এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে ওয়ার্নার ব্রাদার্স। এতে দেশীয় ওটিটি প্লাটফর্মগুলো একদিকে যেমন চ্যালেঞ্জে পড়বে, তেমনি রেমিটেন্স হিসেবে আসা ডালারের আউটফ্লোও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।





