আইস্ক্রিনে ‘অন্তরাত্মা’
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ৩টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম (ওটিটি) আইস্ক্রিনে মুক্তি পেলো ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অন্তরাত্মা’। গত রোজার ঈদে বড় পর্দায় মুক্তি পেলেও প্রচারের ঘাটতির কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি ওয়াজেদ আলী সুমনের পরিচালিত ছবিটি।
ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক।
নির্মাতার মতে, ‘অন্তরাত্মা’তে শাকিব খানকে দেখা যাবে এক নতুন ঢঙে, যা গল্পে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। অনলাইন প্লাটফর্মে মুক্তির ফলে ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন এই রোমান্টিক নাটকীয় সিনেমাটি। সামাজিক মাধ্যমে সিনেমাটিকে ঘিরে চলছে নানা আলোচনা এবং প্রশংসা।
গল্পে দেখা যায়, ছোটবেলায় প্রথমের (শাকিব) বাবা-মাকে হত্যা করে সন্ত্রাসীরা। বড় হয়ে সে নিজেই পরিণত হয় তাদের আতঙ্কে। অর্থ, ক্ষমতা—কিছুতেই তার অভাব নেই, তবু জীবনজুড়ে একাকিত্ব। এ সময়ে তার জীবনে আসে রূপকথা (দর্শনা)। প্রেম, বিয়ে—সবই হয়; কিন্তু প্রথমের জীবনের অস্থিরতা কাটে না।
২০২১ সালে ছবিটির শুটিং সম্পন্ন হয়। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা থাকলেও অজ্ঞাত কারণে আটকে যায়। চার বছর পর ২০২৫ সালের রোজার ঈদে হঠাৎ ঘোষণায় মুক্তি পায় ছবিটি। তবে প্রথম সপ্তাহ শেষ হতেই এটি নামিয়ে নেয় সিনেপ্লেক্স। সিঙ্গেল স্ক্রিনেও খুব বেশি দর্শক পাওয়া যায়নি।
তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন। অভিনয়ে আরও আছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ অনেকে।
ডিবিটেক/আইভি/ইকে







