জিডিইউ রোবোটিক্স ক্লাবের কমিটি গঠন
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির (জিডিইউ) শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব’-এ প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভোটে ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
৩১ আগস্ট রবিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।
শিক্ষার্থীদের ভোটে রোবোটিক্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মো: মুরসালিন হোসেন মিশাত এবং মো: জোনায়েদ হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন ওয়াসিফ অযান নাফিজ।
নির্বাচন কমিশনার ছিলেন আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সৌরভ চন্দ্র দাস।
এই ক্লাবের এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মোঃ আশিকুচ্ছালেহীন। তিনি বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এমন একটি সুন্দর ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমি আনন্দিত। এই ক্লাবটি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের একটি বড় প্ল্যাটফর্ম হবে। আমি বিশ্বাস করি, এই ক্লাবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনের পর রোবোটিক্স ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, "আমরা সম্পূর্ণ রাজনীতিমুক্ত, প্রযুক্তি-কেন্দ্রিক এবং শিক্ষার্থীবান্ধব একটি ক্লাব গড়ে তোলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তির প্রসারে কাজ করা। আমরা নিয়মিত কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান বৃদ্ধিতে সহায়তা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনতে চাই।







