‘উমা’ অ্যপে ইউনাইটেড ফাইন্যান্সের জমা ও ঋণ ছাড়

‘উমা’ অ্যপে ইউনাইটেড ফাইন্যান্সের জমা ও ঋণ ছাড়
২৫ আগষ্ট, ২০২৫ ১৭:০৯  
২৫ আগষ্ট, ২০২৫ ২৩:৪৩  

গ্রাহকদের অ্যাপনির্ভর সেবা দিতে ‘ইউনাইটেড মোবাইল অ্যাপ্লিকেশন’ বা ‘উমা’ নামে নতুন মোবাইল অ্যাপ চালু করেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স। এই অ্যাপেই একইসঙ্গে রিয়েল-টাইমে ডিপোজিট ও ঋণ পণ্যের তথ্য দেখা, তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোড করা, মোবাইল থেকেই সরাসরি সেবা অনুরোধ জমা দেওয়ার সুবিধা পাবেন ব্যবহারকারী।

২৫ আগস্ট, সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হলো সম্পূর্ণ অনলাইনে ডিপোজিট অ্যাকাউন্ট খোলার মতো এই অ্যাপটি বাংলাদেশের অর্থসংস্থানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে (এনবিএফআই খাতে) প্রথম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান নজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং তাদের গ্রাহক, অংশীদার ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জানানো হয়, উমা অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক এখন সহজেই সঞ্চয় বা আমানত হিসাব খুলতে পারবেন। পাশাপাশি অ্যাপে সঞ্চয় ও ঋণের তথ্য এবং হিসাব বিবরণীর সনদও পাওয়া যাবে। ইউনাইটেড ফাইন্যান্সের সব ধরনের সেবার জন্য আবেদনও করা যাবে অ্যাপের মাধ্যমে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান নজমুল হাসান বলেন, “আমাদের গ্রাহকদের জন্য সর্বশেষ উদ্ভাবনটি বাস্তবে রূপ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইউনাইটেড ফাইন্যান্স সবসময় সেবাকে অগ্রাধিকার দিয়েছে, এবং আমি নিশ্চিত উমা আমাদের গ্রাহকদের জন্য এক নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এনে দেবে। আমি আমাদের সকল গ্রাহককে উমা ব্যবহার করে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম যোগ করেন, “উমা আমাদের নিজস্ব টিমের গর্বিত সৃষ্টি, যা বিশেষভাবে আমাদের গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। সহজ ইউজার ইন্টারফেসের কারণে এটি সব বয়স ও শ্রেণির মানুষের জন্য সহজে ব্যবহারযোগ্য। অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ এবং গ্রাহকের অ্যাকাউন্টের পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে। এটি আমাদের উদ্ভাবনী ও টেকসই কাজের প্রতিশ্রুতির প্রতি একটি বড়ো পদক্ষেপ।”

অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান উমা’র মূল বৈশিষ্ট্য ও সুবিধাগুলো উপস্থাপন করেন এবং দেখান কীভাবে এটি গ্রাহকদের যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনাকে সহজ করে। উমা এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর-এ ডাউনলোডের জন্য উন্মুক্ত। গ্রাহকদের সহায়তার জন্য ধাপে ধাপে টিউটোরিয়াল ও ফিচার হাইলাইট ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে প্রকাশ করা হবে।