বাংলালিংক চালু করল নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক
অপর দুই অপারেটরের মতো এবার আন্তর্জাতিক রোমিং প্যাকেজ চালু করেছে বাংলালিংক। এ প্যাকেজ এখন বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা দিয়ে কিনতে পারবেন গ্রাহকেরা; তাদের প্রয়োজন হবে না আন্তর্জাতিক কোন পেমেন্ট পদ্ধতি ব্যবহারের। ৫০টি দেশে এ সুবিধা উপভোগ করা যাবে।
১৯ আগস্ট, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল অপারেটরটি জানিয়েছে, ভ্রমণের সময় বিভিন্ন প্যাকেজ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী গ্রাহকেরা পছন্দের প্যাকেজ নির্বাচন করে ‘মাইবিএল’ অ্যাপ থেকে সহজেই রোমিং প্যাক অ্যাক্টিভেট করতে পারবেন। আগে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করতে গ্রাহকদের আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডে ডলার (ইউএস) এনডোর্স করতে হত। এখন সেসব ঝামেলা ছাড়াই বিদেশে থেকেও মোবাইল ব্যালেন্স দিয়ে (দেশি মুদ্রায়) রোমিং প্যাক কিনতে পারবেন তারা। বর্তমান বিশ্ব আগের যেকোন সময়ের তুলনায় অনেক বেশি কানেক্টেড। পরিবর্তিত এ সময়ে গ্রাহকদের চাহিদা পূরণে ধারাবাহিকভাবে নতুন সব সেবা নিয়ে আসছে বাংলালিংক। নতুন এ আন্তর্জাতিক রোমিং প্যাক চালু করার মাধ্যমে বিদেশগামী গ্রাহকদের জন্য এক বড় বাধা দূর করল প্রতিষ্ঠানটি।
জানাগেছে, সম্প্রতি, রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’ -এ এ সেবার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে, প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নতুন এ সেবা নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “ভ্রমণের সময় কানেক্টেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সবার পক্ষে আন্তর্জাতিক পেমেন্ট সেবা ব্যবহারের সুযোগ থাকে না। এক্ষেত্রে, গ্রাহকদের জন্য আমাদের সেবাকে আরও সহজলভ্য ও ব্যবহারবান্ধব করার লক্ষ্যেই আমরা নতুন এ উদ্যোগ চালু করেছি।”



