ভারতে ১৫ বিলিয়ন ডলারের এআই ডেটা সেন্টার বানাবে গুগল
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট গুগল ঘোষণা দিয়েছে যে তারা আগামী পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার স্থাপন করবে। এটি হবে ভারতের ইতিহাসে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ। খবর রয়টার্স।
গুগলের এই উদ্যোগটি এসেছে এমন এক সময়ে, যখন দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন এবং শুল্কসংক্রান্ত বিরোধ চলছে। তবুও সংস্থাটি ভারতকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির বাজার হিসেবে দেখছে।
নতুন এআই ডেটা সেন্টারটি দক্ষিণ ভারতের বন্দরনগরী বিশাখাপত্তনমে স্থাপন করা হবে, যার প্রাথমিক সক্ষমতা থাকবে ১ গিগাওয়াট। উদ্বোধনী অনুষ্ঠানে গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, “এই কেন্দ্র হবে যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের সবচেয়ে বড় এআই হাব।”
ভারতের তথ্যপ্রযুক্তি ও অর্থমন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুগল জানিয়েছে, প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি প্রায় ১ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। সংস্থাটি এ বছর বিশ্বব্যাপী ডেটা অবকাঠামোতে মোট ৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যায়।
ডিবিটেক/বিএমটি







