বাংলাদেশ স্যাটেলাইট থেকে ভিস্যাট সেবা দেবে এডিএন টেলিকম

বাংলাদেশ স্যাটেলাইট থেকে ভিস্যাট সেবা দেবে এডিএন টেলিকম
১ জুলাই, ২০২৫ ২২:০৫  
১৪ জুলাই, ২০২৫ ১০:২২  
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও এডিএন টেলিকম লিমিটেডের বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনে একটি ভিস্যাট হাব স্থাপন করবে এডিএন টেলিকম। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির কো-লোকেশন ব্যবহার করে বেসরকারি এই টেলিকম সেবা প্রতিষ্ঠানটি দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দিতে এই চুক্তি হয়েছে।  
 
এ লক্ষ্যে ১ জুলাই (মঙ্গলবার) রাজধানীর বাংলামটরে বিএসসিএলের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিএসসিএলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান এবং এডিএন টেলিকমের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়াও বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) গোলাম সারোয়ার, বিক্রয় ও বিপনন মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির এবং  এডিএন টেলিকমের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ও স্যাটকম ডিরেক্টর তাসকিনুর রহমান, সিওও মোহাম্মাদ ফজলুন নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন। 
বিএসসিএল জানিয়েছে, দুই বছর মেয়াদী চুক্তির আওতায়  বিএসসিএলের এই হাবের মাধ্যমে বিএসসিএলের বাংলাদেশ স্যাটেলাইট-১ (BS-1) এর ব্যান্ডউইথ ব্যবহার করে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ভিস্যাট প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করবে এডিএন টেলিকম। আগামী মাস থেকেই শুরু হবে এই কার্যক্রম।  দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন ব্যবহার করবে।