মহাজাগতিক ইতিহাস নিয়ে বিইউবিটিতে সেমিনার অনুষ্ঠিত
মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তনের সবচেয়ে স্বীকৃত বৈজ্ঞানিক তত্ত্ব বিগ ব্যাং নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার। বিইউবিটি ভাইস-চ্যান্সেলর লেকচার সিরিজের অংশ হিসেবে ১ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে অনুষ্ঠিত হয় “চল্লিশ মিনিটে মহাজাগতিক ইতিহাস: বিগ ব্যাং তত্ত্বের সংক্ষিপ্ত পরিচিতি” বিষয়ক এই সেমিনার।
বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বিআরআইসি) আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। সেমিনারে অত্যন্ত সহজ ভাষায় মহাবিশ্বের সৃষ্টি, কসমিক বিবর্তনের বিভিন্ন ধাপ এবং বিগ ব্যাং তত্ত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি।
মহাকাশ বিজ্ঞান বিষয়ে জ্ঞান ও গবেষণাভিত্তিক তার উপস্থাপন ও সুস্পষ্ট ব্যাখ্যায় উপস্থিত সবাই মুগ্ধ হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, ‘এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে।’
সভাপতির বক্তব্যে বিইউবিটি’র আইকিউএসি এবং বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ বলেন, ‘বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের মৌলিক জ্ঞানের পরিধি বাড়াতে এ ধরনের জ্ঞানবহুল আলোচনা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।’
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সেমিনার বিইউবিটি’র শিক্ষা প্রসারের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।







