নগদের সাবেক এমডি মিশুকসহ ৯ জনের নামে দুদকের মামলা

নগদের সাবেক এমডি মিশুকসহ ৯ জনের নামে দুদকের মামলা
৪ জুন, ২০২৫ ১৫:০৮  
৪ জুন, ২০২৫ ১৫:৫৯  

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়েছে। । দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে এ মামলা করেছেন। 

বুধবার (৪ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। 

মামলায় থাকা অপর ব্যক্তিরা হলেন নগদ এর নির্বাহী পরিচালক ও নমিনি পরিচালক মো. সাফায়েত আলম, এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক, ট্রেজারি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ও নমিনি পরিচালক মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার মো. আবু রায়হান, হেড অব ফাইন্যান্স অপারেশন মো. রাকিবুল ইসলাম, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী এবং প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তানভীর আহমেদ মিশুক অন্যদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা ও মিথ্যা রিপোর্ট প্রদানের মাধ্যমে ১ মার্চ, ২০২১ থেকে ১৭ নভেম্বর ২০২৪ পর্যন্ত ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের ফিজিক্যাল মানি স্থিতির চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকার বেশি ই-মানি ইস্যুপূর্বক ওই টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধি ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ক/৪২০ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।