মোবাইল ফোন ছিনতাই বাড়ছে ডিএমপি কমিশনারের সতর্কতা অবলম্বনের আহ্বান
দেশে ছিনতাই বেড়ে যাওয়ার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমার কাছে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে ছিনতাই অনেক বেড়েছে। বেশিরভাগ ঘটনায় মোবাইল ফোন ছিনতাই হচ্ছে। বাসে বসে থাকা যাত্রীর মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এছাড়াও চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে উল্লেখ করে তিনি বলেছেন, এ কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তাই চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার নিজের ও আমার সহকর্মীদের ওপর অনেক দায়িত্ব।
চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের মোকাবিলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের সব সংগঠনকে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন, হকারদের একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক। তবে হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এজন্য তাদের প্রতি অনুরোধ। তবে হকারদের কাছ থেকে কাউকে চাঁদা দেওয়া যাবে না।
ঢাকার পুলিশ প্রধান বলেন, যানজটের মধ্যে গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতে থাকেন। কিন্তু যানজটের মধ্যে হর্ন বাজালে সমাধান কি? যারা বারবার হর্ন বাজাবে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।







