ট্রাম্পের আশ্বাসে চালু হলো টিকটক

ট্রাম্পের আশ্বাসে চালু হলো টিকটক
২০ জানুয়ারি, ২০২৫ ১০:১৮  

যুক্তরাষ্ট্রে টিকটকের সেবা পুনরায় চালু হয়েছে। রোববার একটি সমাবেশে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ক্ষমতায় প্রত্যাবর্তনের পর তিনি অ্যাপটির সেবা পুনরুদ্ধারের ব্যবস্থা করবেন। তিনি বলেন, “আমাদের কোনো বিকল্প নেই, আমাদের এটা বাঁচাতে হবে।” খবর রয়টার্স।

টিকটক জানিয়েছে, ট্রাম্পের প্রচেষ্টার কারণে তারা পুনরায় যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে। এর আগে শনিবার জাতীয় নিরাপত্তা ইস্যুতে একটি আইন কার্যকর হওয়ার আগে টিকটক যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যায়।

ট্রাম্প জানিয়েছেন, তিনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে আইন কার্যকর হওয়ার সময়সীমা বাড়াবেন এবং ৫০ শতাংশ মার্কিন মালিকানার প্রস্তাব দিয়েছেন।

টিকটকের এই পুনরুদ্ধার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিশ্বাস করে কোম্পানিগুলো স্বাধীনভাবে তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নেবে। তবে দুই রিপাবলিকান সিনেটর টম কটন ও পিট রিকেটস ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

টিকটকের সিইও শৌ জি চিউ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি এআই টিকটকের যুক্তরাষ্ট্র শাখার সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, টিকটকের বাজারমূল্য প্রায় ৫০ বিলিয়ন ডলার। তবে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।