জন্মনিবন্ধনে আঙুলের ছাপ ও আই কন্ট্যাক্ট বাধ্যতামূলক করতে রুল

১৪ জানুয়ারি, ২০২১ ২০:২৯  
বেওয়ারিশ লাশের পরিচয় শনাক্ত, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে ও দ্রুত অপরাধী শনাক্তকরণে জাতীয় পরিচয়পত্রের মতো জন্মনিবন্ধনে আঙুলের ছাপ ও আই কন্ট্যাক্ট নেওয়া বাধ্যতামূলক করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রুল দেন। চার সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন নরসিংদীর বাসিন্দা ও মানবাধিকারকর্মী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। আবেদনের পক্ষে তিনি নিজেই রিটের শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।