চট্টগ্রামের মাদরাসার ১০ শিক্ষার্থীর দায়িত্ব নিলো জেসিআই ঢাকা অ্যাচিভার্স

২৭ নভেম্বর, ২০২৪ ০১:৪৯  

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বটতলী শাহ মোহসেন আউলিয়া (রহঃ) ইয়ারুকিয়া দাখিল মাদ্রাসায় স্বনির্ভরতা অর্জনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে জেসিআই ঢাকা অ্যাচিভার্স। কার্যক্রমের অধীনে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার গুরুত্ব এবং স্বনির্ভরতা অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা, কর্মজীবনে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ, কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা এবং তাদের মেধাকে উৎসাহিত করা এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্যারিয়ার এবং স্বাবলম্বিতার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হবে।

কার্যক্রম শুরু উপলক্ষে গত ২২ নভেম্বর মাদারা প্রাঙ্গনে অরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। বটতলী শাহ মোহসেন আউলিয়া (রহঃ) ইয়ারুকিয়া দাখিল মদারাসার সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট জানে আলম নিজামী, জেসিআই ঢাকা অ্যাচিভার্স এর স্থানীয় সভাপতি রিফাত খন্দকার, কোষাধ্যক্ষ নকিব উদ্দিন চৌধুরী ও আঞ্চলিক সহ-সভাপতি রাবেয়া নাসির অভি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদরাসাটির ১০ জন শিক্ষার্থীর সাবালোক হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয়া হয়। এর মধ্যে ৫ জন মেয়ে এবং অপর ৫জন ছেলে শিক্ষার্থী। তাদের পছন্দমতো ক্যারিয়ার বেছে নিতে প্রয়োজনীয় কারিগরি ও সফট স্কিল শেখানোরও দায়িত্ব নেয় জেসিআই ঢাকা অ্যাচিভার্স।

স্থানীয় সভাপতি রিফাত খন্দকার জানিয়েছেন, মাদারাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে জেসিআই ঢাকা অ্যাচিভার্সের পক্ষ থেকে তাদের কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সিংয়ে ‍গুরুত্বারোপ করা হবে। একইসঙ্গে এই কাজে যদি কোনো দাতা প্রতিষ্ঠান সংযুক্ত হতে চান তাদেরকেও অন্তর্ভূক্ত করা হবে।