আত্মহত্যা করেছিলেন ওপেনএআই’র হুইসলব্লোয়ার
সাবেক ওপেনএআই কর্মী সুচির বালাজি-এর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছে সান ফ্রান্সিসকো কাউন্টির মেডিক্যাল এক্সামিনার। শুক্রবার প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজেই বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন, যা তার পরিবারের সন্দেহের বিপরীত। খবর টেকক্রাঞ্চ।
২৬ বছর বয়সী বালাজি গত ২৬ নভেম্বর সান ফ্রান্সিসকোর নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যান। এর আগে অক্টোবর মাসে তিনি ওপেনএআই-এর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন করে এআই মডেল প্রশিক্ষণের অভিযোগ তোলেন এবং দ্য নিউইয়র্ক টাইমস-এর মামলায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
তার আকস্মিক মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। এলন মাস্ক ও টাকার কার্লসনের মতো ব্যক্তিরা বিষয়টি নিয়ে মন্তব্য করেন, আর মার্কিন কংগ্রেস সদস্য রো খন্না স্বচ্ছ তদন্তের দাবি জানান।
বালাজির পরিবার জানায়, মৃত্যুর মাত্র কয়েক দিন আগে তিনি জন্মদিন উদযাপন করেন এবং মেশিন লার্নিং বিষয়ক একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছিলেন। ফলে তার আত্মহত্যার বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে।
তবে মেডিক্যাল এক্সামিনারের প্রতিবেদনের পরেও এ মৃত্যু প্রযুক্তি খাতে নৈতিকতা, কর্পোরেট জবাবদিহিতা এবং হুইসলব্লোয়ারদের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।
ডিবিটেক/বিএমটি







