‘শিল্পের গুণগত মান ও টেকসই উন্নয়নে কিউসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ’

ঢাকা: শিল্পপ্রতিষ্ঠানে দলগত কাজের সংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের অংশগ্রহণ উৎসাহিত করা, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘পণ্যের গুণগত মান উন্নয়ন, অপচয় কমানো এবং টেকসই শিল্প পরিবেশ নিশ্চিত করতে […] The post ‘শিল্পের গুণগত মান ও টেকসই উন্নয়নে কিউসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘শিল্পের গুণগত মান ও টেকসই উন্নয়নে কিউসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ’
১৯ নভেম্বর, ২০২৬ ০০:০০  

ঢাকা: শিল্পপ্রতিষ্ঠানে দলগত কাজের সংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের অংশগ্রহণ উৎসাহিত করা, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, ‘পণ্যের গুণগত মান উন্নয়ন, অপচয় কমানো এবং টেকসই শিল্প পরিবেশ নিশ্চিত করতে কিউসিসি আন্দোলন উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।’

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫১তম আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস কনভেনশন (আইসিকিউসিসি-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘টেকসই উন্নয়নে কিউসিসি’ প্রতিপাদ্যে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এ সম্মেলনের আয়োজন করে।

মোহাম্মদ হাতেম বলেন, ‘দলগত কাজ ও সম্মিলিত অংশগ্রহণ শুধু প্রতিষ্ঠানের কর্মদক্ষতাই বাড়ায় না, বরং কর্মীদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও উন্নয়নে অর্থবহ অবদান রাখার সুযোগ তৈরি করে।’

বাংলাদেশের শিল্প খাতে গুণগত মান ও টেকসই উন্নয়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘দেশের তৈরি পোশাক ও নিটওয়্যার খাত টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, উদ্ভাবন এবং টেকসই ব্যবসায়িক চর্চা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশবান্ধব শিল্প কার্যক্রমের জন্যও বিশ্ববাজারে বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে।’

হাতেম বলেন, ‘সবুজ শিল্পের দেশ হিসেবে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে দেশে ২৯৮টি প্লাটিনাম ও গ্রিন রেটেড শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যার বড় অংশ তৈরি পোশাক খাতে।’

দেশের ওষুধশিল্পও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি অর্জনে অগ্রগতি করেছে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বব্যাপী পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বিকেএমইএ সভাপতি। তিনি বলেন, ‘বৈশ্বিক অর্থনীতিতে পণ্যের মান নিশ্চিত করতে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।’

তিনি আশা প্রকাশ করেন, কিউসিসি আন্দোলন বাংলাদেশের শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী এবং বিএসটিকিউএমের উপদেষ্টা ও বিএএএস, এনএএএস এবং সিএএএসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন।

বিএসটিকিউএম সভাপতি এ কে এম শামসুল হুদা স্বাগত বক্তব্য দেন। সংগঠনটির মহাসচিব এম এম কবির ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্মেলনে গুণগত মান ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, ন্যানোম্যাটেরিয়ালস এবং ব্যবসায় অর্থনীতি বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিন দিনব্যাপী এ সম্মেলনে চীন, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

The post ‘শিল্পের গুণগত মান ও টেকসই উন্নয়নে কিউসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.