টিকটককে টেক্কা দিতে অ্যামাজন প্রাইম ভিডিওর শর্ট-ফর্ম নিউজ ফিচার

টিকটককে টেক্কা দিতে অ্যামাজন প্রাইম ভিডিওর শর্ট-ফর্ম নিউজ ফিচার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৩  

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের জনপ্রিয়তার সাথে প্রতিযোগিতা করতে এবার অন-ডিমান্ড শর্ট-ফর্ম (সংক্ষিপ্ত) নিউজ ক্লিপ চালু করছে অ্যামাজন প্রাইম ভিডিও। এতে যুক্ত থাকবে স্থানীয় ও আন্তর্জাতিক নানা সংবাদের সংক্ষিপ্ত ভিডিওচিত্র। 

প্রাথমিকভাবে ফিচারটি টেলিভিশন ও লিভিং রুম ডিভাইসে চালু হলেও খুব শীঘ্রই এটি প্রাইম ভিডিওর ওয়েব সংস্করণ এবং আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে যুক্ত হবে। 

অ্যাপের ‘নিউজ’ সেকশনে 'ট্রেন্ডিং টপিকস' এবং 'লোকাল নিউজ' সেগমেন্টের অধীনে ভিডিওগুলো দেখা যাবে। যুক্তরাষ্ট্রের যেকোনো ব্যবহারকারী অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন না থাকলেও বিনামূল্যে এসব নিউজ ক্লিপ দেখতে পারবেন। 

জেন-জি প্রজন্মকে আকৃষ্ট করার কৌশল
বর্তমান তরুণ প্রজন্ম তথা জেন-জি সংবাদের জন্য টিভি বা দীর্ঘ প্রতিবেদনের চেয়ে টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব শর্টসের মতো শর্ট-ফর্ম ভিডিওর ওপর বেশি নির্ভর করছে। তারা সাধারণত কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে জটিল খবর সহজ আকারে শুনতে পছন্দ করে। 

নিজস্ব কোনো সোশ্যাল নেটওয়ার্ক না থাকায় অ্যামাজন প্রাইম ভিডিওর ভেতরেই এই সেবা যুক্ত করে তরুণ দর্শকদের ধরে রাখার পরিকল্পনা করছে। গবেষণায় দেখা গেছে, তরুণ নিউজ ভোক্তারা অতিরিক্ত এডিট করা সংবাদের চেয়ে স্বাভাবিক ও অর্গানিক ভঙ্গিতে উপস্থাপিত সংক্ষিপ্ত খবর বেশি পছন্দ করে।

স্ট্রিমিং ইন্ডাস্ট্রিতে নতুন ট্রেন্ড
দর্শকদের সংক্ষিপ্ত সময়ে বিনোদন ও তথ্য পাওয়ার এই চাহিদা মেটাতে অ্যামাজনই প্রথম পদক্ষেপ নেয়নি; বরং পুরো স্ট্রিমিং শিল্পেই এখন এই প্রবণতা দেখা যাচ্ছে। চলতি বছরের মার্চে পিকক, জুলাইয়ে এইচবিও ম্যাক্স ও নেটফ্লিক্স এবং আগস্টে ডিসনি প্লাস তাদের অ্যাপে শর্ট-ফর্ম ভিডিও যুক্ত করেছে। ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করার বদলে কয়েক মিনিটে প্রয়োজনীয় আপডেট পাওয়ার গ্রাহক চাহিদা মোতেই স্ট্রিমিং জায়ান্টগুলো এই নতুন পথ বেছে নিচ্ছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ