গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ নিয়ে জামায়াতের উদ্বেগ, কার্যকর পদক্ষেপের দাবি
ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশের দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা ও পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে […] The post গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ নিয়ে জামায়াতের উদ্বেগ, কার্যকর পদক্ষেপের দাবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশের দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা ও পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়তে পারে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ বিষয়ে জরুরি আলোচনার জন্য একটি নোটিশ দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ঢাকা-১৪)। কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার কাছে তিনি নোটিশটি জমা দেন।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সম্ভাব্য পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাতেই সংসদে এ আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত নোটিশে বলা হয়, গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সময়মতো ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে।
এতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, পানির সংকটের প্রভাবে দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সংকটাপন্ন হয়ে পড়তে পারে কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা। পাশাপাশি গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখানদীগুলোর নাব্যতা কমে যাওয়া, সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়া এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা তীব্রভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নোটিশে আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন এবং অববাহিকাভিত্তিক পানির সুষম ব্যবহারের নীতির আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে দেশের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গঙ্গা ব্যারাজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা বিকল্প জলাধার নির্মাণের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা, চুক্তি নবায়ন অথবা নতুন করে ন্যায্য পানিবণ্টন চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে। বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের জরুরি ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণও অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে।
The post গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ নিয়ে জামায়াতের উদ্বেগ, কার্যকর পদক্ষেপের দাবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





