কুষ্টিয়ায় শিমের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় শীতকালীন সবজি শিমের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এখন শিমের সমারোহ। উৎপাদন বাড়ায় গত সপ্তাহের তুলনায় শিমের দাম কমেছে। তবে মাঠ থেকে পাইকারি বাজারে আসার পথে দামের হিসাব নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা ভিন্ন। পাইকারি ব্যবসায়ীদের দাবি, কৃষকের কাছ থেকে যে দামে শিম কেনা হচ্ছে, পাইকারি বাজারে তা বিক্রি […] The post কুষ্টিয়ায় শিমের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়ায় শিমের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক
৯ নভেম্বর, ২০২৬ ১০:০০  

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় শীতকালীন সবজি শিমের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এখন শিমের সমারোহ। উৎপাদন বাড়ায় গত সপ্তাহের তুলনায় শিমের দাম কমেছে। তবে মাঠ থেকে পাইকারি বাজারে আসার পথে দামের হিসাব নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা ভিন্ন। পাইকারি ব্যবসায়ীদের দাবি, কৃষকের কাছ থেকে যে দামে শিম কেনা হচ্ছে, পাইকারি বাজারে তা বিক্রি করতে হচ্ছে আরও কম দামে। এতে প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে তাদের।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কুমারখালীতে প্রায় ১২ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে। গত সপ্তাহে কৃষকেরা প্রতি কেজি শিম ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করেছেন। তবে উৎপাদন ও সরবরাহ বাড়ায় চলতি সপ্তাহে সেই শিমের দাম কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে।

স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানান, তারা কৃষকের কাছ থেকে প্রতি কেজি শিম ৪০ থেকে ৪৫ টাকায় কিনছেন। কিন্তু পাইকারি বাজারে বিক্রি করতে হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। এতে কেজিতে ৫ থেকে ১০ টাকা লোকসান হচ্ছে। এর সঙ্গে পরিবহন ও শ্রমিকের খরচ যোগ হওয়ায় তাদের লোকসানের পরিমাণও বাড়ছে।

কৃষক রাজন আলী সারাবাংলাকে বলেন, ‘গত বছরের মতো আমরা এবারও মাঠে মুলাডুলি শিম চাষ করেছি। এই শিমের ফলন ভালো। ফলে লাভের পরিমাণও বেশি। আমরা প্রতি কেজি শিম ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করছি।’

কুষ্টিয়ায় শিমের বাম্পার ফলন। ছবি: সারাবাংলা

কুষ্টিয়ায় শিমের বাম্পার ফলন। ছবি: সারাবাংলা

পাইকারি ব্যবসায়ী সুমন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে যে দামে শিম কিনেছি, সেই দামে বিক্রি করতে পারছি না। কারণ, বর্তমানে বাজরে শিমের সরবরাহ বেশি। ফলে প্রতি কেজিতে আমাদের ৫ থেকে ১০ টাকা লোকশান গুনতে হচ্ছে।’

খুচরা ব্যবসায়ী লিয়াকত হোসেন সারাবাংলাকে বলেন, ‘আড়ৎ থেকে শিম ৩৫ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। আর আমারা বিক্রি করছি ৪০ টাকা দরে। তবে গত সপ্তাহে প্রতি কেজি শিম ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি করেছি।’

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, শিমের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগাম শীতকালীন শিম চাষ করলে ভালো ফলনের পাশাপাশি ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘বর্তমানে এ অঞ্চলে উৎপাদিত শিম বিক্রি করে কৃষকেরা বছরে প্রায় দেড় কোটি টাকা আয় করেন। শিমের উৎপাদন ও চাষের পরিধি বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’

কৃষকেরা যাতে উৎপাদিত শিমের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি বাজারে যৌক্তিক দাম নিশ্চিত করাও জরুরি। মাঠ থেকে পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্যের কারণ খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

The post কুষ্টিয়ায় শিমের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.