স্কুলে ভর্তির ডিজিটাল লটারি; ফল এখন এক ক্লিকেই
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি চলছে। ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি শুরু হয়। দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম শেষে এ ফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ডিজিটাল লটারিতে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা মেনে আসন শূন্য থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, মাউশি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সরাসরি তত্ত্বাবধানে এ ডিজিটাল অনলাইন লটারি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রী নির্বাচন কার্যক্রমে শতভাগ সঠিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এ পদ্ধতিতে মানুষের আস্থা ফিরেছে এবং ভর্তি বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে।
ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্নের আনুষ্ঠানিকতা শেষে ফল প্রকাশিত হবে। প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এই লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
এদিন সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, সেখানে বড় স্ক্রিন বসানো হয়েছে। স্ক্রিনে একের পর এক স্কুলের নাম, আবেদনকারীদের আইডি ভেসে উঠছে। তাতে অটোমেটিক বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করা হচ্ছে।
স্কুলে ভর্তির ডিজিটাল লটারি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জাগো নিউজকে জানান, প্রথমে তারা সরকারি স্কুলের লটারি করছেন। স্বয়ংক্রিয়ভাবে এটি সম্পন্ন হচ্ছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫০ শতাংশ সরকারি স্কুলের লটারি শেষ হয়েছে। আর ১৭ শতাংশ বেসরকারি স্কুলের লটারি হয়েছে। এটি শেষ হতে দুপুর সাড়ে ১২টা বাজতে পারে। দুপুর ২টার দিকে ফল প্রকাশ করা হতে পারে।
ফল জানা যাবে যেভাবে
শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফলাফল জানতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে মাউশি। তারা ঘরে বসে অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন।
লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। মাউশির দেওয়া এ লিংকে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
ডিবিটেক/জেএনও/ইকে







