মেড ইন বাংলাদেশ স্পোর্টস কার ও ইভি পরিদর্শনে প্রধানমন্ত্রী

মেড ইন বাংলাদেশ স্পোর্টস কার ও ইভি পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৩ মে, ২০২৬ ১২:০২  

দেশে তৈরি পরিবেশবান্ধব স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রযুক্তির এক বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৩ মে, শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বেশ কয়েকটি বিলাসবহুল স্পোর্টস কার, পরিবেশবান্ধব ইভি ট্রাক বা লরি এবং বৈদ্যুতিক মোটরসাইকেল অবলোকন করেন এবং গাড়িগুলোর কারিগরি ও সফটওয়্যারগত বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অটোমোবাইল খাতের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই একটি স্পোর্টস কার এবং একটি লরি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশীয় অটোমোবাইল শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে এই পরিবেশবান্ধব প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর ব্যাপক গুরুত্বারোপ করেন।

উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনে প্রধানমন্ত্রী দেশের যুবসমাজ ও তরুণ আইটি বিশেষজ্ঞদের এই সম্ভাবনাময় আধুনিক প্রযুক্তি খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, স্থানীয়ভাবে স্পোর্টস কার ও ইলেকট্রিক লরি তৈরির এই উদ্যোগ দেশের ডিজিটাল অবকাঠামো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার রূপান্তরে এক বড় মাইলফলক হিসেবে কাজ করবে। 

প্রধানমন্ত্রীর ইভি পরিদর্শন ও একটি কাভার্ড ভ্যান, সাদা রঙের কার চালানোর ভিডিও পিএমও’র অফিসিয়াল ফেসবুকে প্রকাশ করা হয়।

/ডিবিটেক/এসএইচ/আইএইচ/