১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

ঢাকা: ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষিত নতুন দাম সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে কার্যকর হবে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও […] The post ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা
২ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ঘোষিত নতুন দাম সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে, গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার প্রস্তাব করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম ১৭১ টাকা ৬৮ পয়সা।

নভেম্বর মাসে সৌদি আরামকো প্রোপেনের দাম প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারণ করেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৭৫৯ ডলার। এ ছাড়া আমদানির ক্ষেত্রে জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম ও ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে সরকারি এলপিজির দামও পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস পিএলসি সরবরাহকৃত ১২ দশমিক ৫০ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা বেসরকারি এলপিজির তরল অবস্থায় প্রতি কেজির দাম ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম ৩৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রতি ঘনমিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬৮ টাকা ৫০ পয়সা।

এলপিজি বিক্রির বিভিন্ন পর্যায়ে কমিশনও বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে আমদানিকারকদের মজুদকরণ ও বোতলজাতকরণ চার্জ ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। ডিলারদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে বিইআরসি নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া নিয়ে আগে থেকেই অভিযোগ রয়েছে। গত মাসের শেষ দিকে বাজারে সরবরাহ সংকট ও অস্থিরতা দেখা দিলে ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হওয়ার খবর পাওয়া যায়।

The post ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.