৩ হাজারের বেশি রিভিউয়ে প্রবাসীদের উচ্ছ্বাস; একই দিনে মিলছে এনভিআর ও পাওয়ার অব অ্যাটর্নি সেবা
গুগল ম্যাপে ৪.৮ রেটিং নিয়ে বিশ্বের সেরা কূটনৈতিক মিশনের স্বীকৃতি পেল টরন্টো কনস্যুলেট
- দূরবর্তী প্রদেশের প্রবাসীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট শিথিল এবং একই দিনে একাধিক নথি সত্যায়নের সুবিধা
- সেবা সহজ করতে এআই-চালিত মেসেঞ্জার, ডেডিকেটেড কল সেন্টার হটলাইন ও অনলাইন ভিডিও লাইব্রেরি
- ৩,০০০-এর বেশি গণপর্যালোচনায় ৫-এর মধ্যে ৪.৮ রেটিং অর্জন করে বিদেশের মাটিতে অনন্য নজির
কানাডার টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল গুগল ম্যাপে ৩ হাজারের বেশি সেবাপ্রত্যাশীর পর্যালোচনার (রিভিউ) ভিত্তিতে ৫-এর মধ্যে ৪.৮ রেটিং অর্জন করেছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পরিচালিত কূটনৈতিক মিশনগুলোর মধ্যে সর্বোচ্চ জনতুষ্টি ও রেটিং অর্জনের এক অনন্য নজির স্থাপন করল বাংলাদেশের এই মিশনটি।
২৮ অক্টোবর, বুধবার কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সূত্রমতে, গুগল ম্যাপসের এই উচ্চ রেটিং মূলত সেবা গ্রহণকারী হাজার হাজার প্রবাসীর বাস্তব সন্তুষ্টি ও ইতিবাচক অভিজ্ঞতারই প্রতিফলন। একই সঙ্গে কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রয়োজনে কনস্যুলার সেবাকে আরও সহজলভ্য, আধুনিক, স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করার ক্ষেত্রে কনস্যুলেটের ধারাবাহিক সংস্কারের একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি এটি।
সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের সময়, আর্থিক ব্যয় এবং শারীরিক ভোগান্তি লাঘবে কনস্যুলেট বেশ কিছু বাস্তবমুখী ও যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে দূরবর্তী প্রদেশগুলো থেকে আগত প্রবাসীদের জন্য একই দিনে 'নো ভিসা রিকোয়ার্ড' (এনভিআর), পাওয়ার অব অ্যাটর্নি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সত্যায়ন সম্পন্ন করার বিশেষ ব্যবস্থা। ফলে কাউকে আর বারবার যাতায়াত করতে হচ্ছে না। অধিকাংশ রুটিন সেবার ক্ষেত্রে আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বাধ্যবাধকতা শিথিল করায় দূর-দূরান্তের আবেদনকারীরা সরাসরি এসেই কাজ শেষ করতে পারছেন।
প্রবাসীদের তথ্যপ্রাপ্তি সহজ করতে ধাপে ধাপে নির্দেশনা সম্বলিত একটি ব্যবহারবান্ধব ওয়েবসাইট ও নথিপত্র প্রস্তুতকরণে সহায়তা দিতে একটি ডেডিকেটেড পরামর্শকেন্দ্র চালু রাখা হয়েছে। পাশাপাশি সেবার নিয়মাবলি সহজবোধ্য করতে গড়ে তোলা হয়েছে অনলাইন ভিডিও লাইব্রেরি। যোগাযোগের আধুনিকায়নে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহায়িত ফেসবুক মেসেঞ্জার স্বয়ংক্রিয় উত্তর ব্যবস্থা, নির্দিষ্ট কল-সেন্টার হটলাইন এবং নিয়মিত সোশ্যাল মিডিয়া লাইভ সেশন; যার মাধ্যমে কনস্যুলার কর্মকর্তারা সরাসরি প্রবাসীদের প্রশ্নের উত্তর ও বিভ্রান্তি নিরসন করছেন।
গুগল ম্যাপসে নিয়মিত অফিসের সময়সূচি হালনাগাদ রাখার পাশাপাশি কনসাল জেনারেলের সঙ্গে নিয়মিত সরাসরি যোগাযোগের সুযোগ সেবাগ্রহীতাদের জটিল সমস্যা তাৎক্ষণিক সমাধানে ভূমিকা রাখছে। এই উন্মুক্ত গুগল রিভিউগুলোকে কেবল প্রশংসাপত্র হিসেবে নয়, বরং অভ্যন্তরীণ দুর্বলতা চিহ্নিত করে সেবা আরও পরিশীলিত করার ফিডব্যাক মেকানিজম হিসেবে ব্যবহার করছে মিশনটি।
কনস্যুলেট জেনারেল মোঃ শাহ আলম খোকন মনে করে, প্রবাসীদের ভোটে অর্জিত এই ৪.৮ রেটিং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল করেছে। একই সাথে এটি বহির্বিশ্বে প্রবাসী ও জনকল্যাণমুখী সেবা নিশ্চিতে কনস্যুলেট জেনারেল, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের আন্তরিক অঙ্গীকারকে সফলভাবে তুলে ধরেছে।
//ডিবিটেক/এসএইইচকে/এসপিএম/এফওআই//





