আর্থিক স্বচ্ছতায় গুরুত্ব

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী

  • ড. মোহাম্মদ আলী হোসেন জাবিপ্রবির দ্বিতীয় কোষাধ্যক্ষ
  • ২১ সেপ্টেম্বর নিয়োগের পর ২৩ সেপ্টেম্বর যোগদান করেন
  • উদ্ভিদ রোগতত্ত্বে গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তার

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৪  

গবেষণা ও উচ্চশিক্ষা প্রশাসনে অভিজ্ঞ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ।

২৩ সেপ্টেম্বর , বুধবার, সকালে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এর আগে ২১ সেপ্টেম্বর জাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে নিয়োগ পান ড. মোহাম্মদ আলী হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় কোষাধ্যক্ষ।

যোগদানের পর ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি এর সামগ্রিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেনের জন্ম মাদারীপুর জেলার ডাসার, কালকিনিতে। তিনি জার্মানির জাস্টাস লিবিগ ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং ডিএএডি স্কলারশিপে পোস্ট-ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন।

আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা কার্যক্রমে অংশ নিতে তিনি জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও ফ্রান্স ভ্রমণ করেছেন।

জাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাকৃবির প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারের পরিচালক এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান এবং মাওলানা ভাসানী হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জার্মান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

//জেএনও/এএইচসি/এসএমআইকে//