নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সচেতনতামূলক সভা

সহিংসতা প্রতিরোধে পদক্ষেপের ‘জানবো জানাবো থামাবো’

  • জেন্ডারভিত্তিক সহিংসতা ও সাইবার হয়রানি প্রতিরোধে সভা
  • আধুনিক ডিজিটাল সেফগার্ড ও আইনি সুরক্ষা আলোচনা
  • পুলিশের সহায়তায় ৯৯৯ ও ১০৯ সেবা উপস্থাপন

সহিংসতা প্রতিরোধে পদক্ষেপের ‘জানবো জানাবো থামাবো’
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২২  

তথ্য-প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা মনিটরিং, সাইবার সেফগার্ডিং ও প্রতিরোধমূলক সচেতনতা ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের অংশ হিসেবে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে একটি নিরাপদ, সহায়ক ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ‘জানবো, জানাবো, সহিংসতা থামাবো’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে পদক্ষেপ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পদক্ষেপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা, সাইবার বুলিং, সাইবার হয়রানি এবং ডিজিটাল যুগে নিরাপদ অভিভাবকত্ব বিষয়ে ধারণা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সহিংসতার বিভিন্ন ধরন ও পূর্বলক্ষণ চিহ্নিত করা, প্রচলিত ভ্রান্ত ধারণা মোকাবিলা করা, কর্মক্ষেত্র ও অনলাইন পরিসরে সম্ভাব্য সাইবার ঝুঁকি চিহ্নিত ও মোকাবিলা করা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি অধিকার, সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিভিন্ন কারিগরি ও আইনি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, দায়িত্বশীল অভিভাবকত্ব এবং শিশু, পরিবার ও সমাজের জন্য আরও নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।

পদক্ষেপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবিএম সিদ্দীক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, "সহিংসতা প্রতিরোধের প্রথম ধাপ হলো এর ধরন ও পূর্বলক্ষণ সম্পর্কে জানা। প্রয়োজনের সময় সঠিক জায়গায় জানানো এবং সহিংসতার শিকার ব্যক্তির পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।"

অনুষ্ঠানে পদক্ষেপ-এর মাইক্রোফাইন্যান্স অপারেশন বিভাগের যুগ্ম পরিচালক এবং হেড অব সেফগার্ডিং সজীব হাসনাত সেফগার্ডিং এবং জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সহিংসতার ধরন ও প্রারম্ভিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরিতে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের বিশেষ আলোচক ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ) মোছাঃ লিজা বেগম, পিএসসি, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি অধিকার, সুরক্ষা এবং অভিযোগ জানানোর আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তিনি ৯৯৯ ও ১০৯-সহ জাতীয় জরুরি হেল্পলাইন এবং প্রয়োজনীয় সহায়তা ও প্রযুক্তিগত সেবা পাওয়ার কৌশল সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করেন।

পদক্ষেপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের যুগ্ম পরিচালক উম্মে সুমাইয়া মতিয়াতুর রাসুলের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচি কর্মক্ষেত্রে নিরাপত্তা, পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতার সংস্কৃতি আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
//ডিবিটেক/আইএচিপিডি/এসএমই/বিপিও//