তিন ডিভাইসে দেখার সুবিধা
টফিতে ফিফা এএফিয়ান কাপের সব ম্যাচ
- ২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১৪ দলের টুর্নামেন্ট
- ১২৯ টাকায় পুরো টুর্নামেন্ট পাস
- ৯৯ টাকায় আগাম পাসের সুযোগ
ফিফা এএফিয়ান কাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের ওটিটি প্ল্যাটফর্ম টফি। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ১৪ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশও অংশ নিচ্ছে। ফলে দেশের ফুটবলপ্রেমীরা পুরো প্রতিযোগিতা ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি দেখার সুযোগ পাবেন।
২০ সেপ্টেম্বর, রবিবার ২০২৬ টফির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টফিতে পুরো টুর্নামেন্ট দেখার জন্য পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৯ টাকা। তবে আগাম টিকিটের সুবিধায় ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাত্র ৯৯ টাকায় একই পাস কেনা যাবে।
একটি পাস ব্যবহার করে সর্বোচ্চ তিনটি ডিভাইসে পুরো টুর্নামেন্টের ম্যাচ দেখা যাবে। মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াই-ফাই—উভয় সংযোগেই এই সুবিধা ব্যবহার করা যাবে।
অপারেটর-নিরপেক্ষ ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে টফি যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত। ফলে নির্দিষ্ট কোনো মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর না করেই দর্শকেরা নিজেদের পছন্দের সংযোগ ব্যবহার করে ম্যাচ দেখতে পারবেন।
টফির প্রধান মোদাসসের আহমেদ বলেন, “দর্শকেরা যেন ঘরে কিংবা চলার পথে নিজেদের সুবিধামতো টুর্নামেন্টটি অনুসরণ করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য। একটি পাস তিনটি ডিভাইসে এবং বিভিন্ন নেটওয়ার্ক ও সংযোগে ব্যবহারের সুবিধা পুরো প্রতিযোগিতাজুড়ে দর্শকদের আরও স্বাধীনতা দেবে।”
//ডিবিটেক/এফটিপি/এএইচসি/বিপিও//





