‘সুস্থ দেহে সুস্থ মন’ স্লোগানে উদ্বোধন; সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি মূল লক্ষ্য পড়াশোনায় জোর
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে অন্তঃহল ক্রীড়া সপ্তাহ শুরু
- যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে ‘সুস্থ দেহে সুস্থ মন’ স্লোগানে শুরু হলো ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’
- ক্যারম, দাবা, টেবিল টেনিস, ফ্লোরভিত্তিক ক্রিকেট ও ফুটবলসহ পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা
- প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও খেলায় অংশ নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
যশোর: ‘সুস্থ দেহে সুস্থ মন’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের উদ্যোগে শুরু হয়েছে ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’। ১৯ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার সন্ধ্যা ৭টায় হলের ডাইনিং কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার।
এবারের ক্রীড়া সপ্তাহে আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে হলের গেমস রুম, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেশিয়ামে ক্যারম, দাবা, টেবিল টেনিস এবং ফ্লোরভিত্তিক ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "আবাসিক হলে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, সহমর্মিতা ও দলগত কাজের মানসিকতা তৈরি হয়, যা ভবিষ্যৎ কর্মজীবনে বড় ভূমিকা রাখে। তবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের মূল লক্ষ্য পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।" এ সময় তিনি শিক্ষার্থীদের আবাসন, পড়াশোনা ও খাবারের মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, "খেলাধুলার ময়দানে জয়ের চেয়ে পরাজয় থেকেই মানুষ বেশি শিক্ষা গ্রহণ করে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি ক্রীড়াক্ষেত্রে অনন্য অবস্থানে রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় গবেষণার যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।"
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ হলের চতুর্থ তলায় গেমস রুমে ফিতা কেটে এবং প্রতীকী খেলায় অংশ নিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। সভাপতির বক্তব্যে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, আবাসিক শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্যই এ আয়োজন, যা তাদের পড়াশোনা ও গবেষণায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা এবং বিপুলসংখ্যক আবাসিক শিক্ষার্থী।
//ডিবিটেক/ এমএনএইচ/এসএমই//





