শোকজ, পোস্ট মুছে দিল পুলিশ

লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি কর্মকর্তা প্রত্যাহার

  • জিএমপির অফিসিয়াল পেজে লংমার্চ নিয়ে পোস্ট
  • পোস্টের ঘটনায় কর্মকর্তা প্রত্যাহার ও শোকজ
  • সংশোধনের পর পোস্টটি মুছে ফেলা হয়

লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি কর্মকর্তা প্রত্যাহার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৮  

বিরোধী দলের লংমার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। জিএমপি জানিয়েছে, তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর, শনিবার ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে ১১ দলীয় ঐক্যের একটি পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত এ পথসভায় বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের নেতারা বক্তব্য দেন। কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

পথসভা শেষে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে লংমার্চের গন্তব্য ও দাবির পাশাপাশি কর্মসূচির সময়সূচি, জনসমাগম এবং নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, লংমার্চটি সকাল ৯টার দিকে জিএমপি এলাকায় প্রবেশ করে এবং সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পুনরায় যাত্রা করে। সেখানে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগমের কথাও উল্লেখ করা হয়। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করেন বলে পোস্টে জানানো হয়।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপর জিএমপির অফিসিয়াল পেজে পোস্টটি প্রথমে সংশোধন করা হয়। পরে সেটি মুছে ফেলা হয়।

এরপর খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং তাকে শোকজ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।” তিনি জানান, ফেসবুক পোস্টের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

তবে পোস্টের কোন নির্দিষ্ট বিষয়কে দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে বিবেচনা করে শোকজ করা হয়েছে, সে বিষয়ে জিএমপির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

//ডিবিটেক/ইটিও/বিপিও/এসএআই//