ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ পড়ার টেবিলে
ঢাকা: ছাত্র সংগঠনের প্রধান কাজ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটানো হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ‘একটি আদর্শ ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, আর মাঠে-ময়দানে তাদের কাজ থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ।’ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত […] The post ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ পড়ার টেবিলে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ছাত্র সংগঠনের প্রধান কাজ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটানো হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ‘একটি আদর্শ ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, আর মাঠে-ময়দানে তাদের কাজ থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, ‘বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে শুধু সংগঠন, রাজনীতি ও আন্দোলনের জন্য পরিচিত করলে হবে না। এটিকে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বিকাশের একটি বৃহৎ পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থী ভবিষ্যতে যে দায়িত্ব পালন করতে চান, সেই দায়িত্বের মৌলিক যোগ্যতা তাকে ছাত্রজীবন থেকেই অর্জন করতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্রজীবন ও পরবর্তী কর্মজীবনের সম্পর্ক অনেকটা মাতৃগর্ভ ও ভূমিষ্ঠ জীবনের মতো। মাতৃগর্ভ থেকেই যেমন মানুষের মৌলিক অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে পৃথিবীতে আসতে হয়, তেমনি কর্মজীবনে ভালো কিছু করতে হলে প্রয়োজনীয় মৌলিক যোগ্যতা ও দক্ষতা ছাত্রজীবন থেকেই অর্জন করতে হবে। ছাত্রজীবনে যে মৌলিক দক্ষতা অর্জিত হয় না, পরবর্তী জীবনে তা পূরণ করা কঠিন।’
সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তুতি শিক্ষাজীবন থেকেই শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর পরিসরে নেতৃত্ব দিতে চান, তাদের ছাত্রজীবন থেকেই সমাজ, রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে চিন্তা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘একটি জাতিকে শুধু পথ দেখানো এবং সেই পথে জাতিকে পরিচালিত করা এক বিষয় নয়। জ্ঞান, গবেষণা ও ইলমের মাধ্যমে পথ দেখানো যেমন প্রয়োজন, তেমনি সেই পথে জাতিকে পরিচালিত করার জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্বও প্রয়োজন। তাই সমাজ ও জাতিকে সঠিক গন্তব্যের দিকে পরিচালিত করতে রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।’
ছাত্র সংগঠনের কার্যক্রমের ধরন তুলে ধরে মামুনুল হক বলেন, ‘ছাত্র সংগঠন সাধারণ রাজনৈতিক সংগঠনের মতো পুরোপুরি মাঠমুখী হবে না। শিক্ষার্থীদের মেধা, জ্ঞান ও যোগ্যতার বিকাশ এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনই হবে ছাত্র সংগঠনের প্রধান লক্ষ্য। একটি আদর্শ ছাত্র সংগঠনের মাঠে-ময়দানে কার্যক্রম থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ, আর ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলকেন্দ্রিক।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীতে অন্য অনেক কিছুর বিকল্প থাকলেও জ্ঞান ও ইলমের কোনো বিকল্প নেই। নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার আগেই নিজেকে জ্ঞানের দিক থেকে যোগ্য করে তুলতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও ইলম অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় অন্যান্য দক্ষতাও অর্জন করতে হবে।’
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, ‘তাদের এই সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত রাখতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্র মজলিসের কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মেধা, জ্ঞান ও চিন্তার আলো ছড়িয়ে দিয়ে আগামী দিনের নেতৃত্বের উপযোগী একটি সম্মিলিত কাফেলা গড়ে তুলতে হবে।’
ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমাদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র শিক্ষক মুফতি সাইদ আহমাদ, বিশিষ্ট লেখক ও আলোচক মাওলানা আবু নাইম ফয়জুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকিসহ অনেকেই।
The post ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ পড়ার টেবিলে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





