কুলক্লাইন্ট ম্যালওয়্যারের নতুন সংস্করণে ক্যাসপারস্কির সতর্কতা

  • • এশিয়া ও রাশিয়ায় সাইবার গুপ্তচরবৃত্তিতে মাসট্যাং পান্ডা সম্পর্কিত কুলক্লাইন্টের নতুন সংস্করণ শনাক্ত।
  • • শনাক্তকরণ এড়াতে ও ফাইল সুরক্ষিত রাখতে এতে ব্যবহার করা হচ্ছে সাইনড কার্নেল ড্রাইভার।
  • • ভুয়া ডিরেক্টরি ও শিডিউলড টাস্কের মাধ্যমে ব্যাকডোর সংক্রমণ চালাচ্ছে সাইবার অপরাধীরা।

কুলক্লাইন্ট ম্যালওয়্যারের নতুন সংস্করণে ক্যাসপারস্কির সতর্কতা
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৫  

এশিয়া ও রাশিয়াকে লক্ষ্য করে চলমান সাইবার গুপ্তচরবৃত্তি অভিযানে ‘হানিমাইট’ (মাসট্যাং পান্ডা) হামলাকারী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ‘কুলক্লাইন্ট’ ম্যালওয়্যারের একটি উন্নত ও মারাত্মক সংস্করণ শনাক্ত করেছে বৈশ্বিক সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস টিম (জিআরইএটি)। নতুন এই ম্যালওয়্যারটি সনাক্তকরণ এড়াতে, ক্ষতিকর ফাইল ও রেজিস্ট্রি এন্ট্রি সুরক্ষিত রাখতে এবং হামলার পর সিস্টেম থেকে ম্যালওয়্যার অপসারণকে অত্যন্ত কঠিন করে তুলতে একটি সাইনড কার্নেল ড্রাইভার ব্যবহার করছে।

কারিগরি বিশ্লেষণে দেখা গেছে, হামলার শুরুতে সাইবার অপরাধীরা মাইক্রোসফট ডিফেন্ডারে কিছু এক্সক্লুশন সেট করে। এরপর ডিফেন্ডারের নামে একটি ভুয়া ডিরেক্টরি তৈরি করে বৈধ স্যাংফর (Sangfor) সফটওয়্যারের এক্সিকিউটেবল ফাইলের নাম পরিবর্তন করে "defender.exe" হিসেবে রূপান্তর করে। পরবর্তীতে উচ্চমাত্রার প্রশাসনিক অনুমতি নিয়ে সিস্টেম চালুর সময় ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য একটি শিডিউলড টাস্ক তৈরি করা হয়। শেষ পর্যন্ত এই "defender.exe" থেকে লোড হওয়া ক্ষতিকর "libngs.dll" ফাইলটি কুলক্লাইন্টের মূল সংক্রমণ প্রক্রিয়া চালু করে।

ক্যাসপারস্কি জিআরইএটি-এর সিকিউরিটি রিসার্চার ফারিদ রাদজি বলেন, “কুলক্লাইন্টের সর্বশেষ সংস্করণে ম্যালওয়্যারটির সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগের সংস্করণগুলোর মতো শুধু ইউজার-মোড ব্যাকডোর ও প্লাগইনের ওপর নির্ভর না করে এটি এখন সরাসরি একটি কার্নেল-মোড ড্রাইভারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এর মাধ্যমে এটি প্রসেস, ফাইল ও রেজিস্ট্রি অবজেক্ট লুকিয়ে রাখতে এবং নির্দিষ্ট নেটওয়ার্ক ইনফরমেশন ফিল্টার করতে পারে। ফলে নিরাপত্তা দলের জন্য ম্যালওয়্যারটি শনাক্ত বা অপসারণ করা অসম্ভব প্রায় হয়ে ওঠে।”

ঝুঁকি মোকাবিলায় হানিমাইটের ক্ষতিকর সূচক (IoC) পর্যবেক্ষণ, ক্যাসপারস্কি নেক্সট প্ল্যাটফর্ম প্রয়োগ এবং কম্প্রমাইজ অ্যাসেসমেন্ট, ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (MDR) ও ইনসিডেন্ট রেসপন্সের মতো সার্ভিস ব্যবহারের পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি।
 //ডিবিটেক/আরআইপি/এসএমই/এমআইএস//