প্রযুক্তি পার্ক সচল করতে নতুন মাস্টারপ্ল্যান ও তরুণ উদ্যোক্তাদের ৫০ কোটি টাকার ঋণ তহবিল

৫ কোটি মানুষের কাছে ২-৩ হাজারে স্মার্টফোন পৌঁছাতে চায় সরকার: মাহদী আমিন

  • প্রান্তিক জনগোষ্ঠীর হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে স্থানীয় কারখানায় বিশেষ প্রণোদনার উদ্যোগ
  • আট হাজার কোটি টাকার অচল হাইটেক পার্ক সচল করতে শিল্প ও বাণিজ্যের সমন্বয়ে মাস্টারপ্ল্যান প্রণয়ন
  • বিআরডিবি ও বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার জামানতমুক্ত ই-ঋণ তহবিল চালু

৫ কোটি মানুষের কাছে ২-৩ হাজারে স্মার্টফোন পৌঁছাতে চায় সরকার: মাহদী আমিন
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৪  

দেশের প্রান্তিক কৃষক, শ্রমিক ও রিকশাচালকসহ প্রায় ৫ কোটি সাধারণ মানুষের কাছে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে আধুনিক প্রযুক্তি পৌঁছাতে স্থানীয় কারখানায় সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদনে বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সাথে সরকারি কর্মকর্তাদের জন্য মোবাইল ভাতা চালুর পাশাপাশি দেশে অচল হয়ে পড়ে থাকা ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্কগুলোকে সচল করতে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্যাদি তুলে ধরেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাহদী আমিন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ।

মাহদী আমিন জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের অধীনে ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল থেকে জামানতমুক্ত সুদমুক্ত ই-ঋণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলা থেকে প্রতিশ্রুতিশীল তরুণদের খুঁজে বের করে অর্থায়ন করা হচ্ছে। একই সাথে ষষ্ঠ শ্রেণি থেকে সকল শিক্ষার্থীর জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে চারটি নতুন বই অন্তর্ভুক্ত করার পাশাপাশি ৪৫ লাখ মানুষকে বাস্তবমুখী দক্ষতায় রূপান্তর করতে ‘আলফা’ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাইবার নিরাপত্তায় জাতীয় আইসিটি রেটিং সিস্টেম ও নারীদের সুরক্ষায় আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যৌথ কাঠামো গঠিত হয়েছে। দেশের সকল স্কুলের ছাদে সৌর প্যানেল স্থাপন এবং মাংস রপ্তানি সুগম করতে জেলাপর্যায়ে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তা আতিকুর রহমান রুমন, মোস্তফা জুলফিকার হাসান শিপ্লু, মো. শুজাদ্দৌলা সুজান, মো. জাহিদুল ইসলাম রনি এবং শাহাদাত স্বাধীন উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/আইএইচ/এনএপি/এসএমই//