যশোরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

যশোরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত
২৪ মে, ২০২৬ ১১:২৭  

টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অঞ্চল পর্যায়ের বার্ষিক মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে যশোরে। কৃষি উৎপাদন বৃদ্ধি, স্থানীয় চাহিদাভিত্তিক পরিকল্পনা এবং কৃষকবান্ধব উদ্যোগ নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে ২৪ মে, রবিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আলমগীর বিশ্বাস। তিনি বলেন, কৃষির ধারাবাহিক অগ্রগতির পেছনে শুধু প্রকল্প বা কৃষি বিভাগের অবদান নয়, কৃষকদের পরিশ্রম, ধৈর্য ও ত্যাগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, স্থানীয় কৃষি প্রকল্পগুলো কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের কার্যকর সংযোগ তৈরি করছে। ফলে আঞ্চলিক প্রকল্পগুলো কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, আঞ্চলিক প্রকল্পগুলো স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী পরিকল্পনা করা সম্ভব হয়। এজন্য এসব প্রকল্পের সফলতাও বেশি।

প্রকল্প পরিচালক রবিউল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রকল্পের কার্যক্রমের পাশাপাশি সফল কৃষকদের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি জানান, প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে কৃষকেরা উৎপাদিত পণ্য ধোয়া, পরিষ্কার ও বাছাইয়ের কাজ করতে পারবেন। পাশাপাশি কৃষকদের জরুরি বৈঠকের ব্যবস্থাও থাকবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মো. হাসান ওয়ারিসুল কবীর, আকতার জাহান কাকন এবং সৈয়দ মো. মিজানুর রহমান।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 /ডিবিটেক/ সিসিই/ইকে/