কৃষি প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি শিল্প ও গ্রিন এনার্জি প্রকল্পে সম্ভাবনা যাচাইয়ে এমডিটি ইনোভেশনস
পঞ্চগড়ে এগ্রিটেক ও সৌরবিদ্যুতে মালয়েশিয়ার বিনিয়োগ আগ্রহ
- এগ্রিটেক, আইটি ও সৌরবিদ্যুতে বিনিয়োগে আগ্রহ
- অর্থনৈতিক অঞ্চল ও সম্ভাব্য শিল্পভূমি পরিদর্শন
- কর্মসংস্থান ও সবুজ শিল্পায়নের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি
কৃষিভিত্তিক তথ্যপ্রযুক্তি (এগ্রিটেক), সৌরবিদ্যুৎ এবং গ্রিন এনার্জিনির্ভর শিল্পে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে পঞ্চগড় সফর করেছে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস। প্রতিষ্ঠানটি জেলার দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলসহ সম্ভাব্য শিল্পায়নযোগ্য বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় অবকাঠামো, ভূমি ও মানবসম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে।
শুক্রবার ও শনিবার চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এমডিটি ইনোভেশনসের চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তারা বাংলাদেশ সফরে আসেন।
প্রতিনিধি দল দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, সম্ভাব্য খাসজমি এবং নদীসংলগ্ন বিস্তীর্ণ পতিত জমি পরিদর্শন করে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ম্যাপের মাধ্যমে শিল্প স্থাপনের উপযোগী জমি, যোগাযোগ ব্যবস্থা, জমির পরিমাণ এবং স্থানীয় দক্ষ মানবসম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
শনিবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে জেলা চেম্বার অব কমার্স, ব্যবসায়ী প্রতিনিধি, আমদানিকারক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিম হোন ওয়াই বলেন, বাংলাদেশে এটি তার প্রথম সফর। তিনি বলেন, পঞ্চগড়ের বিস্তীর্ণ সমতল ভূমি, যোগাযোগ সুবিধা এবং শিল্পায়নের সম্ভাবনা তাদের আকৃষ্ট করেছে। প্রতিষ্ঠানটি কৃষিভিত্তিক তথ্যপ্রযুক্তি, আইটি শিল্প এবং সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা মূল্যায়ন করছে।
তিনি বলেন, বর্তমানে যেকোনো উন্নয়ন পরিকল্পনায় গ্রিন এনার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই শিল্পায়নের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঢাকার তুলনায় যানজটমুক্ত পরিবেশ এবং শিল্প স্থাপনের উপযোগী অবকাঠামোও ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর বিশ্বাস, এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল চালু এবং অঞ্চলভিত্তিক উন্নয়নের মাধ্যমে শিল্পায়ন সম্প্রসারণে সরকার কাজ করছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্ভাব্য শিল্পাঞ্চল পরিদর্শনে উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার কৃষিভিত্তিক শিল্পায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিদেশি বিনিয়োগ বাস্তবায়িত হলে পঞ্চগড়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।
//ডিবিটেক/ ইটিএন/ এসএমই//





