আজই উন্মোচিত হচ্ছে আইওএস ২৭: যেভাবে ডাউনলোড করবেন
আইফোন ব্যবহারকারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৭’ আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী উন্মোচন করছে অ্যাপল। গত জুনে অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি ২০২৬’-এ প্রথম প্রদর্শনের পর বিভিন্ন ডেভেলপার ও পাবলিক বেটা সংস্করণ পেরিয়ে আজ এটি সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত হচ্ছে।
আইওএস ২৭ আপডেটটি ওভার-দ্য-এয়ার প্রক্রিয়ায় সরাসরি আইফোনে পৌঁছাবে। ভারতে আজ রাত সাড়ে ১০টা (বাংলাদেশ সময় রাত ১১টা) থেকে এই সফটওয়্যার আপডেটটি ডাউনলোড করার সুযোগ মিলবে।
অ্যাপল স্পষ্ট করেছে যে আইফোন ১১ এবং তার পরবর্তী সব মডেলের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের আইফোন এসই ব্যবহারকারীরা নতুন এই আপডেটটি পাবেন। এছাড়া অ্যাপলের নতুন উন্মোচিত আইফোন ১৮ প্রোর বিভিন্ন সংস্করণ এবং আইফোন ডুও মডেলগুলোতে নতুন এই অপারেটিং সিস্টেম আগে থেকেই ইনস্টল করা থাকবে।
নতুন রূপে সিরি ও অ্যাপল এআইয়ের সাথে গুগল জেমিনির মেলবন্ধন
আইওএস ২৭-এর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অ্যাপলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট 'সিরি'র আমূল রূপান্তরে। এতে নতুন একটি স্বতন্ত্র সিরি অ্যাপ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা পুরোনো কথোপকথন সংরক্ষণ ও পুনরায় পর্যালোচনা করতে পারবেন।
অ্যাপলের নিজস্ব ‘ফাউন্ডেশন মডেল’ এবং গুগলের ‘জেমিনি’ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলের সমন্বয়ে নতুন সিরিকে আরও বেশি কার্যকর করা হয়েছে।
এটি এখন ব্যবহারকারীর ব্যক্তিগত প্রসঙ্গ অনুধাবন করে বিভিন্ন অ্যাপ জুড়ে জটিল কাজ সম্পাদন করতে সক্ষম। এর পাশাপাশি ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ সুবিধা আরও বিস্তৃত করা হয়েছে, যার মাধ্যমে আইফোনের ক্যামেরা ব্যবহার করে যেকোনো দৃশ্য বিশ্লেষণ বা স্ক্রিনের কন্টেন্ট সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে দেবে সিরি।
আইওএস ২৬-এ আনা ‘লিকুইড গ্লাস’ ইন্টারফেসে যুক্ত হয়েছে নতুন কাস্টমাইজেশন ও ট্রান্সপারেন্সি স্লাইডার।
যেভাবে ইনস্টল করবেন নতুন আইওএস
নতুন আইওএস ২৭ আপডেট ইনস্টল করার পদ্ধতি অত্যন্ত সহজ। এজন্য প্রথমে আইফোনের 'সেটিংস' অ্যাপে গিয়ে 'জেনারেল' নির্বাচন করতে হবে। এরপর 'সফটওয়্যার আপডেট' বিকল্পে ট্যাপ করলে ডিভাইসটি নতুন আপডেটের উপস্থিতি পরীক্ষা করবে।
স্ক্রিনে 'আইওএস ২৭' ফুটে উঠলে 'ডাউনলোড অ্যান্ড ইনস্টল' অপশনে ক্লিক করে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করতে হবে। ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর ফোনটি রিস্টার্ট নিয়ে নতুন অপারেটিং সিস্টেমে চালু হবে।
তবে আপডেট শুরু করার আগে ডিভাইসের গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ রাখা এবং পর্যাপ্ত চার্জ বা চার্জারে সংযোগ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: গ্যাজেটস৩৬০





