ওয়্যারলেস ডিবাগিংয়ে গুগলের নতুন চমক ‘এডিবি ওয়াই-ফাই ২.০’
অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারদের সুবিধার্থে ওয়্যারলেস ডিবাগিং ও ডিভাইস পেয়ারিং প্রক্রিয়া আরও দ্রুত ও নির্ভরযোগ্য করতে নতুন আপডেট ‘এডিবি ওয়াই-ফাই ২.০’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ (এডিবি)-এর নতুন এই সংস্করণের ফলে ইউএসবি ক্যাবল ছাড়াই ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট করে অ্যাপ টেস্টিং করা আগের চেয়ে অনেক সহজ হবে। অ্যান্ড্রয়েড ১৭ এবং এসডিকে প্ল্যাটফর্ম-টুলস ৩৭.০.০-এর অংশ হিসেবে নতুন এই আপডেট যুক্ত করা হয়েছে।
গুগল জানিয়েছে, এডিবি সার্ভার স্ট্যাক, ডিভাইসের অ্যাডবিডি ডেমন এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর মূল উপাদানগুলো ঢেলে সাজানো হয়েছে। এতে ৯০ শতাংশ ওয়্যারলেস সংযোগের ক্ষেত্রে গতি আগের চেয়ে সর্বোচ্চ ৬৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি অটো-কানেকশন বা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় যুক্ত হওয়ার সাফল্যের হার ৩২ শতাংশ বেড়েছে।
নতুন আপডেটে নিরাপত্তা জোরদারে নজর দেওয়া হয়েছে; অননুমোদিত বা অনিরাপদ ওয়াই-ফাই শনাক্ত হলে সার্ভিসটি নিজে থেকেই ডিবাগিং বন্ধ করে দেবে এবং ব্যবহারকারীর অনুমোদিত নিরাপদ নেটওয়ার্কে ফিরলে তা স্বয়ংক্রিয়ভাবে চালুর ব্যবস্থা করবে।
অ্যান্ড্রয়েড স্টুডিওতে পেয়ারিং প্রক্রিয়া সহজ করতে ভিজ্যুয়াল দৃশ্যমানতা বাড়ানো হয়েছে। এখন থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওর ‘ডিভাইস ম্যানেজার’-এ সরাসরি ওয়াই-ফাই আইকন পাওয়া যাবে, যেখান থেকে কিউআর কোড স্ক্যান করে অথবা পিন কোড দিয়ে খুব সহজেই ডিভাইস যুক্ত করা যাবে।
স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াও অ্যান্ড্রয়েড টিভি এবং ওয়্যার ওএসচালিত স্মার্টওয়াচেও এডিবি ওয়াই-ফাই ২.০ কাজ করবে। সুবিধাটি পেতে ডেভেলপারদের কম্পিউটারে অ্যান্ড্রয়েড স্টুডিও কুইল ৩ বা পরবর্তী সংস্করণে আপডেট থাকতে হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: গ্যাজেটস৩৬০





