শিল্পবর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিতে আদালতে যেতেও প্রস্তুত পরিবেশমন্ত্রী

শিল্পবর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিতে আদালতে যেতেও প্রস্তুত পরিবেশমন্ত্রী
৩১ মে, ২০২৬ ২২:৫৯  

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে এবং এই অধিকার আদায়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আদালতে লড়তেও তিনি প্রস্তুত। 

৩১ মে, রবিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর মহিলা কলেজ মাঠে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

ইপিজেডের ক্ষতিকর বর্জ্যের কারণে স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্যের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্পায়নের প্রয়োজনীয়তা যেমন রয়েছে, ঠিক তেমনি পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের জন্য একটি সুস্থ, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একটিকে বাদ দিয়ে অন্যটি চলতে পারে না।

এলাকার পরিবেশগত বিপর্যয় স্বচক্ষে দেখার অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, স্থানীয় গুংইঙ্গাজুরি খালের পানির বর্তমান বিষাক্ত অবস্থা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। পরিবেশের এমন চরম বিপর্যয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উদ্ভূত সংকট দ্রুত সমাধানে চলতি সপ্তাহের মধ্যেই তিনি নিজে ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এছাড়া মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক পরিবারের সদস্যরা।
/ডিবিটেক/এমআই/ইকে/