বাণিজ্যিক রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

ইনোভেশন ফেয়ারে বেরোবির চার উদ্ভাবনী প্রকল্প

  • পেরোভস্কাইট সোলার সেল ও এআইভিত্তিক চার প্রকৌশল সমাধান উদ্ভাবন করেছে বেরোবি
  • দেশীয় গবেষণা ল্যাব থেকে মূলধারার বাজারে রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
  • প্রদর্শনীতে বেরোবির স্মার্ট কৃষিব্যবস্থা ও কার্বন ট্রেসিং প্রযুক্তি প্রদর্শিত হয়েছে

ইনোভেশন ফেয়ারে বেরোবির চার উদ্ভাবনী প্রকল্প
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৯  

ল্যাবরেটরিভিত্তিক আধুনিক প্রকৌশল ও গবেষণা উদ্ভাবনগুলোকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের প্রত্যয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত এ মেলায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের নির্বাচিত ৪টি উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। প্রকল্পগুলো হলো— ১. সিলিকন বেসড পেরোভস্কাইট সোলার সেলস (Silicon based perovskite solar cells), ২. এগ্রিট্রেস বিডি (Agritrace BD), ৩. কার্বন সেতু (Carbon Setu) ও ৪. দেশগার্ড এআই (Deshguard AI)।

১২ সেপ্টেম্বর, শনিবার সকালে ঢাকার নভোথিয়েটারে আয়োজিত তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনগুলোকে কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে উৎপাদনে রূপান্তর এবং সরাসরি মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী ও গবেষকদের কারিগরি প্রকল্প প্রদর্শন করেন উপাচার্য বলেছেন, "আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় বদ্ধপরিকর। ল্যাবরেটরির নতুন নতুন আবিষ্কার যখন বাণিজ্যিক বাজারে জায়গা পাবে, তখনই দেশের সার্বিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি ত্বরান্বিত হবে। এই ইনোভেশন ফেয়ার আমাদের তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা ও নেটওয়ার্ক তৈরির অনন্য সুযোগ।" 

বেরোবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক জানান, উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামান।
 //ডিবিটেক/ডিজেও/এসই/ইআইসি//