সিলেটের আইটি সক্ষমতাকে কাজে লাগিয়ে ফিনটেক সেবার সম্প্রসারণ
বাংলাদেশে যাত্রা শুরু করল ব্রিটিশ ফিনটেক 'ভল্ট'
- বাংলাদেশে কার্যক্রম শুরু করল যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান 'ভল্ট'
- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিলেটে আয়োজিত অনুষ্ঠানে এটি উদ্বোধন করেন
- সিলেটের 'ইওটেক'-এর প্রযুক্তিগত দক্ষতায় হসপিটালিটি খাতে ক্যাশলেস সেবা দেবে ভল্ট
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ (Vault)। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক ‘ভল্ট হোল্ডিংস লিমিটেড’-এর শতভাগ মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সেদেশের হসপিটালিটি খাতে পেমেন্ট সলিউশন এবং পয়েন্ট অব সেল (পিওএস) সেবা দিয়ে আসছে। বিশেষ বিষয় হলো, গত এক দশক ধরে এর মূল প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনা কাঠামো পরিচালনা করছে সিলেটভিত্তিক তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান ‘ইওটেক’। বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে যুক্তরাজ্যে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশীয় হসপিটালিটি খাতে ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ বলেন, “ভল্টের এই উদ্যোগ সিলেটের বিশ্বমানের প্রযুক্তি সক্ষমতার উৎকৃষ্ট প্রমাণ। দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ ও আর্থিক অন্তর্ভুক্তিতে এটি বিশেষ ভূমিকা রাখবে।” ভল্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদ জামান জানান, এই ফিনটেক ইকো-সিস্টেমের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা সনাতনী নগদ লেনদেন ছেড়ে ডেটা-চালিত আধুনিক ডিজিটাল অপারেশন ও ম্যানেজমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।
//ডিবিটেক/এনএস/এসএমই//





